কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় ৪০ হাজার টাকা বতেন বাড়ানো হয়েছে তাদের। রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ না মিটিয়ে মন্ত্রী-বিধায়কদের এই বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয় বিজেপির তরফে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিজের এই বর্ধিত বেতন নেবেন না।
কিন্তু সরকারি নিয়মে তাঁর অ্যাকাউন্টে তো বেতনের টাকা ঢুকবে। এবার তাই সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়ে এক ঘোষণা করলেন শুভেন্দু। জানালেন, নিজের বর্ধিত বেতন এবার ডিএ আন্দোলনকারীদের দেবেন তিনি। আন্দোলন চালাতে আর্থিক খরচ হয় এই মঞ্চের। সেই কারণেই এই আর্থিক সাহায্য করবেন তিনি।
কী জানালেন শুভেন্দু?
গতকাল, বুধবার বিকেলে শহিদ মিনারে সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, “নিজেদের প্রাপ্য বকেয়া টাকা আদায় করতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কর্মচারীদের আইনি লড়াই করতে হচ্ছে। এজন্য অর্থও ব্যয় হচ্ছে তাঁদের। কর্মচারীদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানাতেই বর্ধিত বেতন তাঁদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত”। এই সংক্রান্ত একটি চিঠিও এদিন আন্দোলনকারীদের হাতে তুলে দেন শুভেন্দু।
শুভেন্দুর এই প্রয়াসকে আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ
শুভেন্দুর এই সিদ্ধান্ত সম্পর্কে সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “বিধায়ক কিংবা মন্ত্রীদের যে ভাতা বাড়ানো হয়েছে তার বিরোধিতা আমরা করছি না। আমরা শুধু আমাদের সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকারটুকু চাই। রাজ্যে কোষাগার শূন্য, সরকারের তরফে আর্থিক কোনও রিপোর্টে সেকথা বলা হচ্ছে না। তবে অর্থ খরচের ক্ষেত্রে এই সরকারের কোনও ডিসিপ্লিন নেই, আমরা চাই রাজ্যের আর্থিক শৃঙ্খলা ফেরানো হোক”।
অন্যদিকে আবার রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ও রাস্তাঘাটের অবস্থা নিয়ে রাজ্যের গতকালই স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। নবান্নে স্বরাষ্ট্রসচিব বিকেল চারটের আগে বেরিয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ে দেখা করতে পারেননি তিনি। এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাওয়ায় স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকাই নবান্নের কাজকর্ম দেখার দায়িত্ব সামলাচ্ছেন।





