‘সৌরভ আবার কবে শিল্পপতি হলেন’, সৌরভের বিশ্ব বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়া নিয়ে কটাক্ষ শুভেন্দুর

গতকাল, মঙ্গলবার বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দাদা’র উপর বড় দায়িত্ব দিয়েছেন তিনি। সৌরভও হাসিমুখে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। তবে বিশ্ব বাণিজ্য সম্মেলনে সৌরভের যোগ দেওয়া নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এবার এই নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী বলেছেন শুভেন্দু?

শুভেন্দু অধিকারীর প্রশ্ন, “সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন? কিছু ফ্ল্যাট বানিয়েছন জানি। তাতে অভিযোগও আছে। অভিযোগ অনেকে টাকা দিয়েও ফ্ল্যাট পাননি এখনও”।

তবে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি নিজের শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট সত্ত্বাকে নমস্কার করি। তিনি আমাদের গর্ব। কিন্তু তিনি কোনওদিন শিল্পপতি ছিলেন না”।

প্রসঙ্গত, এর আগেও সৌরভের রাজনৈতিক অবস্থান নিয়ে নানান সময় নানান আলোচনা হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের সময় জল্পনা তৈরি হয়েছিল যে সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন। যদিও তা হয়নি। তবে পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়িতে নৈশভোজে এসেছিলেন। তা নিয়েও নানান কানাঘুষো শোনা যায়।

আবার বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ। আবার কিছুমাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলায় লগ্নি টানতে বিদেশ সফর করতেও দেখা গিয়েছে সৌরভকে। স্পেনে গুরুত্বপূর্ণ বৈঠকে মমতার পাশে দেখা গিয়েছে তাঁকে। এবার সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করলেন মমতা। ফলে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছে এবার রাজনৈতিক মহলে।

সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা নিয়ে আবার সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিনতে এত বছর লাগল মমতা বন্দ্যোপাধ্যায়ের? নাকি খুঁজে পাচ্ছিলেন না? ঘর কা মুরগি ডাল বরাবর? ত্রিপুরা সরকার তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দিয়েছে। আর বাংলার জন্য তিনি এত করেছেন, তাঁকে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছর লেগে গেল”।

RELATED Articles