ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই কার্যত রাজ্যে কমে গিয়েছিল শীত, বড়দিন ও বর্ষবরণ সবটাই নরমে-গরমে কাটিয়েছে বঙ্গবাসী। তবে নতুন বছর পড়তেই নামল তাপমাত্রার পারদ। যদিও জানুয়ারি মাসে যতটা ঠাণ্ডা থাকার কথা, ততটা মিলছে না। কিন্তু যা মিলছে, তাতেও ক্ষতি বিশেষ নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একদিনেই দেড় ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। কলকাতার তাপমাত্রা আপাতত ১৪ ডিগ্রি যা চলতি সময়ে মোটামুটি স্বাভাবিকই বলা যায়। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ৮-৯ ডিগ্রিতে। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, এই শীতের আমেজ সাময়িক।
কেন এমন জানাল আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়বে রাজ্যে। এর নেপথ্যে কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরে পূবালী হাওয়ার দাপট বাড়বে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও হবে বলে খবর। কলকাতার তাপমাত্রা বেড়ে দাঁড়াবে ১৭-১৮ ডিগ্রিতে। জেলাতেও বাড়বে তাপমাত্রা। তবে শীত ফের ফিরবে। ১০ জানুয়ারির পর থেকেই ফের ঝোড়ো ব্যাটিং করতে পারে শীত, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
জানা গিয়েছে, আগামী ৫-৭ জানুয়ারি পর্যন্ত ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের কিছু এলাকার উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। আর এর তার আগামী ৫ ও ৬ তারিখ পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিহতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের তাপমাত্রাও এক অঙ্কে নেমেছে। শিলিগুড়িতে কনকনে ঠান্ডা রয়েছে, সঙ্গে হালকা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০-১১ ডিগ্রিতে। সান্দাকফুতে বেশ রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। ৩-৪ ডিগ্রিতে ঘোরাফেরা করছে তাপমাত্রা। পর্যটকেরা বেশ চুটিয়েই উপভোগ করছেন ঠাণ্ডা। শীতে জবুথবু দার্জিলিং। তাপমাত্রা রয়েছে ৬-৭ ডিগ্রিতে।





