বৃষ্টির খেলা সাঙ্গ, দক্ষিণবঙ্গে ফের ফিরছে ভ্যাপসা-প্যাচপ্যাচে গরম, ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার জেরে বাড়বে অস্বস্তিও

আপাতত বৃষ্টির খেলা সাঙ্গ দক্ষিণবঙ্গে। ক’দিন এবার বিশ্রামেই যাবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা-প্যাচপ্যাচে গরম। এর জেরে বজায় থাকবে অস্বস্তি। ফের একবার গরমের জেরে নাজেহাল অবস্থা হবে দক্ষিণবঙ্গবাসীর।

গোটা গরমকাল জুড়ে প্রবল দাবদাহে হাঁসফাঁস করেছে রাজ্যবাসী। অবশেষে নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে খানিকটা স্বস্তি মিলেছিল। গোটা সপ্তাহজুড়েই তাপমাত্রা কমের দিকেই ছিল। কিন্তু এবার ছুটি নেবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার থেকেই কমছে বৃষ্টির পরিমাণ। বাতাসে আর্দ্রতাও বেড়ে যাবে বেশ খানিকটা। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বটে কিন্তু ঠান্ডা ভাব স্থায়ী হবে না।

বৃহস্পতিবারই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা রয়েছে। এর ফলে কলকাতায় ২-৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা যদি সত্যি হয়, তাহলে গরমের থেকে মুক্তি মিলবে শহরবাসীর। আগামী এক সপ্তাহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টির পরিমাণ কমই থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শনিবার থেকে আগামী ২-৩ দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ, কলকাতার আকাশ আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ।

তবে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

RELATED Articles