‘বিজেপি নেতাদের রাস্তায় হাঁটতে দেওয়া হবে না, ঘরবন্দি করা হবে’, হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি

ফের গুরুতর অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে। বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে। তৃণমূলের ধর্না মঞ্চ থেকে আসে এই হুমকি। বিজেপি নেতাদের বাইরে বেরোতে না দেওয়া বা তাদের ঘরবন্দি করে রাখার মতো হুমকি দেন তৃণমূল নেতা।

কী হুঁশিয়ারি দেন এদিন তৃণমূল নেতা?

গতকাল, রবিবার রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল ধর্না কর্মসূচীর ডাক দেয়। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিনিয়তই বঞ্চনার অভিযোগ তোলে। সেই অভিযোগকে সামনে রেখে রবিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এই ধর্নামঞ্চ থেকেই মালদহ তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম হুঁশিয়ারি দেন যে বিজেপি নেতাদের রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া হবে না। ব্যারিকেড করে আটকে দেবে মানুষ। বিজেপি নেতা কর্মীরা বাইরে বেরোলে তাদের ধরে ঘরবন্দি করে রাখবেন বঞ্চিতরা। শাসকদলের নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে জোর শোরগোল পড়ে।  

এদিন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “মানুষই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় রাস্তায় এই নেতাদের আটকে দেবে। যতদিন পর্যন্ত মানুষ ১০০ দিনের টাকা পাচ্ছে না, আবাস যোজনার টাকা পাচ্ছে না, মানুষ দেশজুড়ে নিরাপত্তা পাচ্ছে না ততদিন এই কাজই মানুষ করবে। আমার তো মনে হচ্ছে মানুষ ব্যারিকেড তৈরি করে এই নেতাদের আটকে বন্ধ করে রাখবে”।

তাঁর সংযোজন, “গরিব মানুষের সঙ্গে তো আমরা থাকবই। যাঁরা কাজ পাচ্ছেন না তাঁদের সঙ্গে আছি। তাঁরা আন্দোলন করলে তা তো আমরা সমর্থন করবই”।

কী প্রতিক্রিয়া বিজেপির?

তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের পাল্টা দেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, “এদের কথার এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। এর আগে তো বলল বাড়ি ঘেরাও করবে। তারপর পালিয়ে গেল। আসলে রাজা যত বলেন, সভাসদ বলেন শতগুণ। পারিষদরা একটু বেশি না বললে মানুষ তো হাততালি দেবে না”।

RELATED Articles