হাসপাতালে ঢুকে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেওয়া হল প্রাণনাশের হুমকিও, আতঙ্ক হাসপাতাল জুড়ে

দিনহাটার ঘটনার পুনরাবৃত্তি। ফের রাজ্যের এক হাসপাতালে ঢুকে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে শাসক দলের তরফে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার।

ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, সেই হাসপাতালে সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীদের হাজিরায় কড়াকড়ি করা হয়েছে। আর সেই কারণেই হুমকির মুখে পড়তে হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাসকে। এই ঘটনায় আঙুল তোলা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা তন্ময় দাসের দিকে।

অভিযোগ, গতকাল, সোমবার বেলা ১১টা নাগাদ বেশ কয়েকজন বহিরাগত হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে। তন্ময় দাসের নেতৃত্বেই এমন করা হয়েছে বলে দাবী। হাসপাতালের কিছু নিরাপত্তারক্ষীও ছিলেন তাদের সঙ্গে। হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরায় কেন কড়াকড়ি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই-ই নয়, তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

এই গোটা ঘটনার কথা হাসপাতাল সুপার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতিকে জানান আক্রান্ত চিকিৎসক। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এমন ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়েছে।  

এই ঘটনা প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেন, “ওদের দাবী ওরা ডিউটি না করলেও বকেয়া স্লিপে আমাকে সই করে দিতে হবে। একজনের ডিউটি আরেকজন করবে, সেসব মেনে নিতে হবে। আমাকে বলেছে, আপনার অত রোস্টার দেখার দরকার নেই। আমাদের হাসপাতালের ভিতরে ঢুকতে দিতে হবে বলেও দাবী করতে থাকেন তাঁরা। বেশি নিয়ম দেখালে কী করে ক্যানিং থেকে বেরোন দেখে নেব। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে গিয়ে আমাকে হুমকির মুখে পড়তে হল”।

আরও পড়ুনঃ মা মরা নাতনিকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিনের পর দিন ধর্ষণ, দাদুকে গ্রেফতার করল পুলিশ

যদিও হুমকির অভিযোগ অস্বীকার করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার তরফে। তাঁর কথায়, “তৃণমূল হুমকির সংস্কৃতিতে বিশ্বাস করে না। কী ঘটেছে জেনে বলব”।

RELATED Articles