বিতর্ক ও উদয়ন গুহ যেন একে অপরের পরিপূরক। নানান সময় নানান মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগে মহিলাদের রাত দখলের কর্মসূচি নিয়ে মন্তব্য করেও প্রবল তোপের মুখে পড়েন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। আর এবার মহিলা আন্দোলনকারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি।
আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে গোটা রাজ্য। চলছে বিক্ষোভ, প্রতিবাদ। তরুণী চিকিৎসককে ন্যায় বিচার পাইয়ে দিতে লড়ছেন রাজ্যের মেয়েরা। চলছে রাত দখলের কর্মসূচি। গোটা রাজ্য এই নিয়ে উত্তাল। এরই মধ্যে আন্দোলনে যোগ দেওয়া মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করলেন উদয়ন গুহ।
গতকাল, রবিবার দিনহাটা ২ ব্লকে তৃণমূলের বিক্ষোভ মঞ্চে ছিলেন উদয়ন গুহ। সেখান থেকেই আন্দোলনকারী মহিলাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “গ্রামের মহিলারা মদের ঠেক ভেঙে দেন, জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য বা জুয়ার ভাটি ভাঙার জন্য আমি কোনওদিন কোনও জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনওদিনও বয়কাট চুলের মেয়েকে দেখিনি। কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে না, ব্যাপারটা জমে না। এটা তো গ্রামের গরিব মা মেয়েদের আন্দোলন”।
উদয়নের কথায়, এই আন্দোলনে যান শহুরে মেয়েরা যা টিভিতে দেখায়, কাগজে বের হয়। তিনি এও বলেন, “আগে ঘর সামলান। নিজের ঘর সামলান। যে সমস্ত জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেই লটারি বা মদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলুন”।
আর জি করের ঘটনায় সরব হয়ে অনেক আন্দোলনকারীদের মুখেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী শোনা যাচ্ছে। সেই ঘটনা নিয়ে চাঁচাছোলা আক্রমণ করেছিলেন উদয়ন গুহ। বলেছিলেন, “এই ঘটনায় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যাঁরা সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যাঁরা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না হলে এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করবে। কিন্তু, ওঁরা জানেন না হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না, করেননি। তাই আরজি কর মেডিক্যাল কলেজে ওই ভাবে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবেন না”। আর এবার মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করলেন তিনি।





