মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! অন্তত তৃণমূল বিধায়কের এমনটাই মত। আর সেকথা আবার ভরা মঞ্চে ফলাও করে বললেনও তিনি। আর তাঁর এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু জোর শোরগোল। মুখ ফসকেই কী এমন কথা বললেন তৃণমূল বিধায়ক নাকি সত্যিই এমনটাই মনে করেন তিনি, উঠেছে প্রশ্ন।
ঠিক কী ঘটেছিল?
গতকাল, মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শাহনাওয়াজ মণ্ডল। সেখানেই বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেন তিনি যা নিয়ে বেশ হইচই পড়েছে।
এদিন তৃণমূল বিধায়ক বলেন, “পুজোয় আমরা সবাই একত্রিত হই। বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজো আমরা করবই… তার সঙ্গে সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে। সব পুজো কমিটি যেন আমাদের হয়”।
সেই সময় অন্যান্য নেতারা ইশারায় বিধায়ককে বোঝান যে তিনি ভুল নাম বলেছেন। এরপর নিজের ভুল যদিও শুধরে নেন তিনি। বলেন, “সমস্ত ক্লাব, পুজো কমিটির সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। ধর্ম নিজের নিজের, কিন্তু উৎসব সবার। তাই ইদ হোক কিংবা দুর্গাপুজো বা অন্যান্য পুজো, সকলের সঙ্গে আমাদের একত্রিত হতে হবে। রাজ্যের উন্নয়নের বার্তা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে”।
এখানেই শেষ নয়,শাহনাওয়াজ মণ্ডল আরও বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সারা বছর উন্নয়নের কাজ করে চলেছেন, তখন কিছু চক্রান্তকারী আমাদের রাজ্যের এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করে চলেছে। আসলে এরা মহিষাসুর। মুখ্যমন্ত্রী রাত জেগে রাজ্যের মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। আর এই মহিষাসুরের দল চক্রান্ত করে রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আর তার জন্যই রাত জাগরণ করছে। রাত জাগরণ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের এই সমস্ত বিশৃংখলা সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকতে হবে”।
আরও পড়ুনঃ থানায় ঢুকে পুলিশকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করল না পুলিশকর্তারা
উল্লেখ্য, নিজের এই ভুল মন্তব্য নিয়ে কোনওরূপ সাফাই দিতে রাজি হন নি তৃণমূল বিধায়ক শাহনাওয়াজ মণ্ডল। তবে তাঁর এই মন্তব্যের জেরে বিরোধী দল তো বটেই, তৃণমূলের অন্দরেও বেশ আলোচনা শুরু হয়েছে বৈ কী!






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার