পুলিশের সামনেই বিজেপি বিধায়ককে গালিগালাজ, হেনস্থা, অভিযোগের তীর তৃণমূলের দিকে, মনোনয়ন জমা নিয়ে উত্তেজনা

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। গতকাল, শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠে এল অশান্তির ছবি। পুলিশের উপস্থিতিতেই বিডিও অফিসের সামনে বিজেপি বিধায়ককে গালিগালাজ ও হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে।

কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের দাবী, গতকাল শুক্রবার তিনি নির্বাচন কমিশনের সূচি মেনে দলের কয়েক জন প্রার্থীকে নিয়ে কোতুলপুর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্তু মনোনয়নপত্র না পেয়ে ফিরে আসেন তিনি।

কিন্তু তাঁর অভিযোগ, ফিরে আসার সময় বিডিও অফিস চত্বরে পুলিশের উপস্থিতিতেই তৃণমূল কর্মীরা ‘চোর-চোর’ স্লোগান, হেনস্থা করতে থাকে তাঁকে। এমনকি, তাঁর গাড়িতেও আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন বিজেপি বিধায়ক। এমন অবস্থায় পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা দাবী করে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চালুর দাবী জানান তিনি।

এই ঘটনা প্রসঙ্গে কোতুলপুরের ব্লক তৃণমূল সভাপতি সুরজিৎ রায় বলেন, তাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। ওই বিজেপি বিধায়ক কোনও কাজ করেন নি এলাকায়। সেই কারণেই তাঁকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে ক্ষোভ জারি করেছেন বলে দাবী তৃণমূল সভাপতির।

উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকেও তুমুল উত্তেজনা ছড়ায়। বিডিও অফিসের সামনে বিক্ষোভে বসেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিযোগ, বাঁকুড়া জেলার নানান ব্লকে মনোনয়ন দাখিলের জন্য যে ডিসিআর কাটাতে হয় তার আবেদন পত্র মিলছে না। মনোনয়ন জমা দেওয়ার পেপার না মেলায় বাঁকুড়ার ইন্দাস ব্লক অফিসে সৌমিত্র খাঁ এর নেতৃত্বে বিক্ষোভ চলে।

এমন নানান প্রান্ত থেকে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি ও অভিযোগের ঘটনা দেখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেন শাসক দলকে। তাঁর কথায়, এমন আচমকা পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে শাসক দল নিজেরাই বিপদে পড়েছে। শুধুমাত্র বিজেপিই নয়, মনোনয়ন দাখিলের পেপার না মেলায় বিক্ষোভ দেখায় বামেরাও।

RELATED Articles