তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু ভোটের ফল ঘোষণার দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে করোনা পরিস্থিতির কারণে কোনওরকম বিজয় মিছিল হবে না। কিন্তু সেই আদেশকে তোয়াক্কা না করেই বিজয় মিছিল করল তৃণমূল কর্মী-সমর্থকরা। তাও আবার কোনদিন? যেদিন থেকে গোটা রাজ্যে লকডাউন ঘোষণা হয়েছে সেদিনই, অর্থাৎ আজ।
আরও পড়ুন- লকডাউন আইন ভেঙে রাস্তায় বসে ধর্না, গ্রেফতার বিজেপির তিন বিধায়ক
আজ, রবিবার সিউড়ির ২ নম্বর ব্লকের অনিনাশপুর গ্রাম পঞ্চায়েতের ভলাইপুর গ্রামে লকডাউন অমান্য করেই তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল বের করা হয়। ডিজে বাজিয়ে চলে এই মিছিল। গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে মিছিল করেন তৃণমূল সমর্থকরা। এই মিছিলে যেসমস্ত তৃণমূল সমর্থকরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে সামাজিক দুরত্ব ব্জায় রাখা তো দূর, তাদের বেশিরভাগের মুখেই ছিল না মাস্ক। সবুজ আবির মেখে তৃণমূলের কর্মী-সমর্থকরা আনন্দে মেতেছিলেন। তবে এই বিষয়ে জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল ঘোষণা দিন জানান যে এখনই কোনও বিজয় মিছিল করা হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিগেডে সমাবেশ হবে, সেখানেই দলের জয় উদযাপন করা হবে। কিন্তু কে কার কথা শোনে?





