সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে রাস্তায় বসে বিরোধীদের হুমকি দিচ্ছেন এক মহিলা। তিনি গড়বেতার তৃণমূল প্রার্থী উত্তরা সিং। জঙ্গলমহলের গড়বেতা আসন বরাবরই লাল দুর্গ বলে পরিচিতি। আর এবার ওই আসনেই তৃণমূলের প্রার্থীপদ পেয়েছেন জেলার সভাধিপতি উত্তরা সিং। ইতিমধ্যেই তিনি এলাকায় প্রচারও শুরু করে দিয়েছেন। তার হয়ে প্রচারে ক’দিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমলাশুলিতে প্রচারও করে গিয়েছেন।
আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
ঘটনা হল, একটি মিছিলকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়। এরপরই তৃণমূলের প্রার্থী উত্তরা সিংকে রাস্তায় বাবু হয়ে বসে হুমকি দিতে শোনা যায়। প্রয়োগ করেন অসাংবিধানিক ভাষাও। উত্তরা সিং এও বলেন যে, তিনি ২৭ তারিখ পর্যন্ত ওই রাস্তাতেই বসে থাকবেন।
এই প্রসঙ্গে গড়বেতার প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘বিজেপির কর্মীরা ওই তৃনমূল প্রার্থীকে প্রচারের সময় বাঁশ দিয়ে খোঁচা দিয়েছিল। আর এই কারণেই তিনি রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন।” আশিস চক্রবর্তী আরও বলেন, আমরা এই বিষয়ে কমিশনের কাছে নালিশ করব বিজেপির বিরুদ্ধে।
এই ঘটনা নিয়ে কটুক্তি করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। তৃণমূল প্রার্থীর এহেন হুমকি আর অশালীন ভাষা প্রসঙ্গে বলে, এটাই তৃণমূলের প্রকৃত সংস্কৃতি। সারাদিন বাংলা আর বাংলার সংস্কৃতি বলে চেঁচানো তৃণমূল বারবার বাংলার সংস্কৃতির শ্রাদ্ধ করেছে। এমনকি দলনেত্রী মঞ্চে উঠে মাইক হাতে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেন। এটা কোনদিনও বাংলার সংস্কৃতি হতে পারে না।






