সকাল সকাল বড় বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস, দুর্ঘটনার জেরে ভেঙে পড়ল ট্রেনের একাংশ, আতঙ্কে যাত্রীরা

সকালে ব্রেকফাস্ট খাচ্ছিলেন যাত্রীরা। আচমকাই ট্রেনে এক বড় ঝাঁকুনি। সজোরে ব্রেক কষে থেমে গেল ট্রেন। ভয়ে আঁতকে উঠেছিলেন যাত্রীরা। পিছনের কামরাগুলি থেকে চিৎকার শুরু হয়ে যায়। ট্রেন থেকে গার্ড নেমে পড়েন। কী সমস্যা বোঝার চেষ্টা করেন।

কী ঘটেছে ঘটনাটি?

বড় বিপত্তির মুখে পড়ল হাওড়া-নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মে ঢোকার মুখে ধাক্কার চোটে ভেঙে যায় ট্রেনের একাধিক কামরার পাদানি। এর জেরে প্রায় এক ঘণ্টা বর্ধমান জেলার আউশগ্রামের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ওই ট্রেন। প্রবল আতঙ্কে যাত্রীরা।  

কী জানাচ্ছে রেল?

রেল সূত্রে খবর, আজ, বুধবার সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ বর্ধমান রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে ঢোকে ওই বন্দে ভারত এক্সপ্রেসটি। সেই সময় দেখা যায়, ট্রেনের একাধিক কামরার পা দানি ভেঙে গিয়েছে। ওই স্টেশনেই প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে  আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। চলে মেরামতির কাজ। অবশেষে ৮টা ৩৭ মিনিট নাগাদ ফের চলে ট্রেন।

কীভাবে ভাঙল পা দানি?

কীভাবে এই পা দানি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ঘন্টা খানেক ট্রেনটি ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল। মনে হচ্ছে প্লাটফর্মে ধাক্কা লেগেই পা দানি ভেঙে যায়। তবে এর জন্য অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি”।

আরও অন্যান্য খবর