তৃণমূল নেতা কাজল শেখের (Kajal Sheikh) বিরুদ্ধে উঠল প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) এমন হুমকি দেওাএর অভিযোগ উঠেছে নানুরের তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই কারণে এবার নিরাপত্তা চেয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) কাছে আবেদন জানালেন উপাচার্য। চিঠিতে তিনি জানিয়েছেন যে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে শাসকদলের সম্পর্ক আদায়-কাঁচকলায়। একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করেই থাকেন তারা। আর সম্প্রতি সেই সম্পর্ক আরও খারাপ হয়েছে। এসবের মধ্যেই বীরভূমের তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ কঙ্কালীতলার একটি সভা থেকে হুঁশিয়ারি শানান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। তাঁকে শুধরে যাওয়ার পরামর্শ দেন তিনি।
প্রকাশ্য সভা থেকে উপাচার্যের উদ্দেশে কাজল শেখ বলেছিলেন, “বিশ্বভারতীর ঐতিহ্য সম্মানকে অক্ষুন্ন রাখার চেষ্টা করুন। পুঁথিগত বিদ্যা থাকলেই কেউ ভাল মানুষ হবেন, এটা নয়। বিশ্বভারতীর গরিমা নষ্ট, কলুষিত করার চেষ্টা করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কখনও অমর্ত্য সেনকে অপমান করছেন। কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন। পৌষ মেলা, বসন্ত উৎসব সবকিছু বন্ধ করে রেখেছেন। বাংলায় হাজার হাজার কাজল শেখ আছে। যারা বুক চিতিয়ে লড়াই করে”।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আপনার রাস্তা থেকে না সরে যান, নাহলে এমন ঝড় আসবে, এমন আন্দোলন সংঘটিত হবে মানুষ প্রতিবাদে গর্জে উঠবে। আপনার পথ বদলান, শুধরে যান”।
তৃণমূল নেতার এহেন মন্তব্যের পরই রাজ্যপালের দ্বারস্থ হন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁকে নিরাপত্তা দেওয়ার আবেদন জানান তিনি। রাজ্যপাল এবার কী সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার। তবে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কোনও চিঠি পান নি।





