পশ্চিমবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাতের দাপট অব্যাহত। রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে উদ্বেগ বাড়ছে প্রশাসনেরও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও বুধবারের মতোই বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন সূর্যের দেখা মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় থাকবে বৃষ্টির দাপট?
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি। এই মাত্রার বৃষ্টিপাত ‘অতিভারী বৃষ্টি’-র পরিসরে পড়ে। একই সঙ্গে ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি হয়েছে।
উত্তরে পরিস্থিতি আরও গুরুতর
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদা জেলায় সারা সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বাড়তে থাকায় বন্যার পরিস্থিতিরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উপকূল ও সমুদ্র সংলগ্ন এলাকায় সতর্কতা
পরবর্তী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সুন্দরবন অঞ্চলে টানা বৃষ্টির কারণে নদীবাঁধ দুর্বল হয়ে পড়েছে, জলোচ্ছ্বাস হলে জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুর্বল বাঁধগুলির উপরে নজরদারি বাড়ানো হয়েছে।
গঙ্গাসাগরেও বাড়তি সতর্কতা জারি হয়েছে। কপিল মুনির আশ্রম সংলগ্ন সৈকতে মাইকিং করে পুণ্যার্থীদের সমুদ্রে না নামার অনুরোধ জানানো হচ্ছে।
আরও পড়ুনঃ Shani Vakri 2025: শনির বক্রী গতিতে দুর্ভোগের সময়! সাড়েসাতি ও ধাইয়ার ছায়ায় কাঁপবে চার রাশি, জীবনে আসবে টানাপোড়েন
দুর্যোগ কতদিন চলবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি ও ঝড়বৃষ্টির দাপট চলবে। ইতিমধ্যেই টানা বৃষ্টির ফলে কংসাবতী, দারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী ও সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে গিয়েছে। কয়েকটি এলাকায় নদীর জল উপচে ঢুকে পড়েছে জনবসতিতেও, যার ফলে স্থানীয় প্রশাসনের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সারকথা, রাজ্যজুড়ে আগামী কয়েক দিন চরম সতর্কতায় কাটাতে চলেছে সাধারণ মানুষ ও প্রশাসন।





