শীত বিদায়ের সময় যে চলে এসেছে তা ফাল্গুনই জানান দিয়েছে। আর ফাল্গুন পড়তেই তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। এখনই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এই মধ্যে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা আবার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
কেন ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে?
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, রাজ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। পূর্ব মধ্যপ্রদেশ থেকে একটি বৃষ্টির অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড পর্যন্ত। এর জেরে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কোথায় কোথায় হবে বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় দু’এক পশলা বৃষ্টি হলেও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দ্দিয়েছে আবহাওয়া দফতর। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হবে। পাহাড়ি জেলাগুলিতেও এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে দু-তিন দিগ্রিউ সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানাল হাওয়া অফিস।





