একদিকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’, অন্যদিকে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ৪০ ছোঁয়ার সম্ভাবনা, স্বস্তির দিন শেষ বঙ্গবাসীর

একদিকে যখন ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে নানান জল্পনা চলছে, তেমন সময়ই ফের রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা ফের ৪ ছুঁতে পারে বলে জানাল হাওয়া অফিস। আজ, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বাড়বে তাপমাত্রা। এর পাশাপাশি আবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আর সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘মোকা’র জন্ম দিতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বেশ কিছু জেলাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। এর মধ্যে নাম রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের।

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা এদিন নেই বললেই চলে। অন্যদিকে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে। তবে মালদহ, দুই দিনাজপুরে বৃষ্টি হবে না। এই জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে।

আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৫ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় উত্তর পশ্চিম ভারতে। ইতিমধ্যেই তামিলনাড়ুতে, রাজস্থান ও কর্নাটকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শনিবার ফের দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানা যাচ্ছে।

শিলাবৃষ্টির সঙ্গে সঙ্গে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, রবিবার পঞ্জাব, হরিয়ানাতে শিলাবৃষ্টির সতর্কতা। তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক, অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টি হবে বলে খবর।

RELATED Articles