দেশে বর্ষা ঢুকে গেছে। বাংলায় ঢোকার সম্ভাবনা রয়েছে ১১ই জুন। কিন্তু তার আগে থেকেই দুর্যোগের মুখে বঙ্গবাসী। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেইসঙ্গে আশঙ্কা ভরা কোটালের! আর এতেই বিপর্যয়ের মুখে বাংলা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বজ্রাপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে।
ইতিমধ্যেই রাজ্যে দু’দিনের বজ্রপাতে মৃত্যু হয়েছে ২৭ জনের। মঙ্গলবার বাজ পড়ে বীরভূমে মৃত্যু হয় ২জনের। আজকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলার খাড়িতে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী ১১ই জুন থেকে ১৪ই জুনের মধ্যে, ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।
ইতিমধ্যেই উপকূলবর্তী জেলা সহ বেশকিছু জেলাকে আগাম সতর্ক করেছে নবান্ন। যশ ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থায় যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে তার অতি দ্রুত সারিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।





