ডুয়ার্সের করোনেশন সেতুতে ভয়ানক বিস্ফোরণ, আকাশে উঠে গেল আগুনের গোলা, কেঁপে উঠল এলাকা, কোনও ষড়যন্ত্র নাকি নাশকতার ছক?

ডুয়ার্সের করোনেশন সেতুতে ভয়ানক বিস্ফোরণ। আচমকা এই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। আগুনের গোলা উঠে গেল আকাশের দিক্র। চারিদিকে কালো ধোঁয়ায় ভর্তি। স্থানীয়দের দাবী, এই বিস্ফোরণের জেরে তীব্র শব্দ হয় যা দূর থেকে শোনা যায়।

কিন্তু করোনেশন সেতুর মতো এমন এক ঐতিহ্যবাহী সেতুতে এমন বিস্ফোরণ হওয়ার কারণ কী। এর পিছনে কী তবে কোনও ষড়যন্ত্র রয়েছে নাকি নাশকতার ছক? এমন নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিস্ফোরণের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।

তবে পরে জানা যায় যে একটি হিন্দি ওয়েব সিরিজ কালারের শুটিং চলছিল ওই এলাকায়। সেই শুটিংয়ের অঙ্গ হিসাবেই ঐতিহ্যশালী প্রাচীন ব্রিজের একটি গাড়ির কাছে বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু এই করোনেশন ব্রিজের উপর এমন বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় অনুমতি কি আদৌ তাদের কাছে ছিল? আর অনুমতি থাকলেও বা তা কীসের ভিত্তিতে দেওয়া হল, সে নিয়েও উঠেছে প্রশ্ন।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ডুয়ার্স ফোরাম-সহ একাধিক সংগঠনের তরফে। তাদের দাবী, ৩১ নম্বর জাতীয় সড়কের উপর শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে সংযোগস্থাপনকারী এই করোনেশন সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ পুরনো এই সেতুটি। তিস্তার উপর পাহাড়ি পথে এই সেতুটি উত্তরবঙ্গের বিউটি স্পট বলে ধরা হয়।

তাছাড়া, অতীতে এমন দাবীও করা হয়েছে যে ব্রিটিশ আমলে তৈরি এই করোনেশন সেতুতে ফাটল দেখা দিয়েছে। তারপরও কেন এই সেতুতে এমন বিস্ফোরণ ঘটানো হল? এই বিস্ফোরণের জেরে যদি সেতুর কোনও ক্ষতি হয়, তাহলে তার দায় কে নেবে, সে নিয়েও উঠেছে প্রশ্ন।

RELATED Articles