নানান তৃণমূল নেতার নামে অভিযোগ উঠছে টাকা দিয়ে চাকরি দেওয়ার বা টাকা নিয়ে প্রতারণা করার। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার করা হল পার্থ-ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার স্ত্রীকে।
কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুছাইতের স্ত্রী মানসী গুছাইতকে ৩০ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। গতকাল, মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। ওই মহিলা হাওড়ার রাণীহাটি স্কুলের শিক্ষিকা। অভিযোগ, স্বামীর সঙ্গে হাত মিলিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন তিনি।
জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে পলাতক কোলাঘাট সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অতনু গুছাইত। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতে তার আগাম জামিনের আর্জি জানানো হলেও তা খারিজ হয়ে গিয়েছে। এবার তার স্ত্রী মানসী গুছাইতকে গ্রেফতার করল পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, অতনু ও মানসী গুছাইতের বিরুদ্ধে ভূরিভূরি অভিযোগ রয়েছে এলাকায়। দাসপুর এলাকার এক হোটেল ব্যবসায়ী প্রসেনজিৎ কুইল্যা কোলাঘাট থানায় এফআইআর দায়ের করে দাবি করেছেন, তিনি প্রাইমারি স্কুলে চাকরির জন্য তাঁর পরিবারের চারজনের জন্য ৬৫ লক্ষ টাকা দিয়েছেন। একজনেরও চাকরি হয়নি। তখন টাকা ফেরতের চাপ পড়তেই এলাকাছাড়া হন তিনি। এরপরই অতনুবাবুর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
প্রসেনজিৎ কুইল্যার দাবী, তিনি থানায় অভিযোগ জানানোর পর থেকেই কোলাঘাট-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল তরফদার তাঁকে খুনের দিয়ে যাচ্ছেন। ওই উপপ্রধানের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেন প্রসেনজিৎবাবু। পলাতক অতনু গুছাইতের সঙ্গে উপপ্রধানের যোগাযোগ রয়েছে বলে দাবী প্রসেনজিতের।
এদিকে, অভিযুক্ত উপপ্রধানের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক এবং দলের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, অতনু একসময় তূণমূলের কর্মাধ্যক্ষ থাকলেও এখন দলের সঙ্গে নাকি তার কোনও যোগই নেই। তিনি এও জানান যে উপপ্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। তবে স্থানীয়দের দাবী, অতনু ও তার স্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তাই এলাকার অনেকেই চাকরির আশায় ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হয়েছেন।





