দীপক চাহার করোনা থেকে মুক্ত হয়ে অনুশীলনে নামলেও আর এক করোনা আক্রান্ত ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় এখনও সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যা বড়সড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের জন্য। এর ফলে উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঋতুরাজকে পাবে না চেন্নাই।
দলের সিইও কাশী বিশ্বনাথন জানান, আইসোলেশন পর্ব সারলেও এখনও দুটি বাধ্যতামূলক করোনা টেস্টে উত্তীর্ণ হতে পারেননি গায়কোয়াড়। ফলে বিসিসিআই-এর তরফে তাকে ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। যদিও আগামী দুদিনে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন সিইও।
ফ্র্যাঞ্চাইজির সহ অধিনায়ক সুরেশ রায়নার এমন হঠাত বিদায়ের পর ব্যাটিংয়ের জোর বাড়াতে টিম ম্যানেজমেন্টের নজর ছিল গায়েকোয়াড়ের উপর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১১ ইনিংসে ৪১৯ রান করেছিলেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৪৬.৩০। এখন তার অনুপস্থিতিতে কে এই ব্যাটিং লাইন আপ সামলাবে, সেই চিন্তায় রয়েছে চেন্নাই সুপার কিংস থিঙ্কট্যাঙ্ক।





