লোকসভা ভোটের আগে বড় ধামাকা বিজেপির! আগামী মাসেই কার্যকর হবে CAA-এর নিয়মাবলী, মোদীর বঙ্গ সফরের আগেই ঘোষণা শাহ্‌’র

পাঁচ বছর আগে ২০১৯ সালে সংসদে পাশ হয়েছিল ভারতীয় নাগরিকত্ব সংশোধনী বিল। কিন্তু তা সত্ত্বেও এতদিন পরও কার্যকর হয়নি সেই আইন। এই আইন নিয়ে বিরোধীদের মতবিরোধ, দেশব্যাপী বিক্ষোভের কারণে লাগু করা যায়নি এই আইন। তবে এবার লোকসভা নির্বাচনের আগে ফের সিএএ-কে হাতিয়ার করেছে মোদী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আগামী মাস অর্থাৎ মার্চেই কার্যকর হতে পারে এই ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন।   

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এই আইনে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে পালিয়ে আসা সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। জানা যাচ্ছে, নির্বাচনের আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার আগেই সম্ভবত সিএএ-এর নানান বিধিগুলি প্রকাশ করা হবে। এর আগে চলতি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই সিএএ-এর নিয়মগুলি কার্যকর করা হবে।

সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “আমাদের মুসলিম ভাইদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সিএএ-র বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে। সিএএ শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের জেরে ভারতে আসা সংখ্যালঘু ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছে। এটা কারও ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য আনা হয়নি”।

এবার এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা জানালেন, “আমরা শীঘ্রই সিএএর নিয়মগুলি জারি করতে যাচ্ছি। একবার নিয়মগুলি জারি করা হলে, আইনটি কার্যকর করা যেতে পারে। যারা যোগ্য তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। নিয়মগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে”।

এই আইন লাগু করতে একটি অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে বলে খবর। ওই কর্তা জানান, “সিএএ-র জন্য একটি অনলাইন পোর্টালও তৈরি করা হয়েছে। নাগরিকত্ব প্রদানের পুরো প্রক্রিয়াটিই অনলাইনে হবে। কোন বছর তারা ভ্রমণ সংক্রান্ত কোনও নথি ছাড়া ভারতে প্রবেশ করেছিল, তা আবেদনকারীদের জানাতে হবে। তাদের কাছ থেকে আর কোনও নথি চাওয়া হবে না”।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মার্চের দ্বিতীয় সপ্তাহ করেই হয়ত নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে। এরপর বর্তমান সরকার আর কোনও আইন বা নিয়ম লাগু করতে পারবে না। সেই কারণে হয়ত মার্চের প্রথমের দিকেই সংশোধনী আইনের নিয়মাবলী জারি করা হবে।  

RELATED Articles