Bikash Bhavan Protest: বিকাশ ভবনে ফের উত্তেজনা, ব্যারিকেড ফেলে পথে বসে বিক্ষোভ চাকরিহারাদের

রোজ সকালে যখন বহু মানুষ অফিস যাওয়ার জন্য ব্যস্ত হন, তখন কিছু মুখ গম্ভীর, কিছু চোখে কান্না। তাদের কাছে আজ আর কাজ নেই, নেই মাসের শেষে বেতন, নেই সম্মান। একদিন যাঁরা স্কুলে গিয়ে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার কাজে নিযুক্ত ছিলেন, আজ তাঁরা রাস্তায় বসে শুধুই নিজেদের অস্তিত্বের জন্য লড়ছেন। মাথায় ছাতা নেই, হাতে জল নেই—তবুও তাঁদের দাবি একটাই, “চাকরি ফেরাও।”

বিকাশ ভবনের সামনে সেই চেনা দৃশ্যই আবার ফিরে এসেছে। বৃহস্পতিবার রাতের উত্তেজনার রেশ না কাটতেই, শুক্রবার সকালেও ফের উত্তেজনা ছড়াল সেখানে। চাকরি খোয়ানো শিক্ষক-শিক্ষাকর্মীরা আজ সকালে পুলিশি ব্যারিকেড ভেঙে বসে পড়লেন রাস্তায়। পুলিশের সামনেই অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন, “আমরা চাকরি চাই, ভিক্ষে নয়।” এই অবস্থানে থাকা এক আন্দোলনকারী বলেন, “আমরা কোনও ভাঙচুর করিনি। আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে থাকব।”

গতকাল, বৃহস্পতিবার, ১৫ মে বিকাশ ভবনের প্রধান গেট ভেঙে দেন আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে। পাল্টা চাকরিহারাদের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিকাশ ভবনের পাঁচিল টপকে পালাতে বাধ্য হন কিছু সরকারি কর্মী। পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।

এই লড়াইয়ের শিকড় রয়েছে বহু গভীরে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। তাঁদের দাবি, যাঁরা প্রকৃতই যোগ্য, তাঁদের কেন এই শাস্তি? এপ্রিল থেকে লাগাতার অবস্থান-বিক্ষোভে অংশ নিচ্ছেন তাঁরা। বিকাশ ভবনের সামনে কয়েকবার পুলিশি হস্তক্ষেপ, ব্যারিকেড তৈরি, আবার তা ভেঙে ফেলা – যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ DA breaking : অবশেষে বড় জয় কর্মচারীদের! রাজ্যকে ৫০% ডিএ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের!

গতকালের ঘটনায় তৈরি করা নতুন ব্যারিকেড আজ সকালে ফের জোর করে ভেঙে দেন আন্দোলনকারীরা। পুলিশের সামনে থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে থাকার দাবি তুললেও পরিস্থিতি যে ফের উত্তপ্ত হয়ে উঠছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশাল পুলিশবাহিনী মোতায়েন থাকলেও আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, তারা এখান থেকেই লড়াই চালিয়ে যাবেন যতক্ষণ না চাকরি ফেরানো হয়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর