এবার করোনা হানা দিল হোয়াইট হাউসেও। এমনিতেই আমেরিকায় করোনা জাঁকিয়ে বসেছে। এবার করোনা ভাইরাস পজিটিভ হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের আপ্ত সহায়ক। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে কর্মরত তৃতীয় ব্যক্তি করোনা ভাইরাস-এ আক্রান্ত হলেন।
তবে ট্রাম্প পরিবারের জন্য স্বস্তির খবর রয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক সপ্তাহ ইভাঙ্কার সংস্পর্শে আসেননি ওই মহিলা। তবুও সাবধানতার খাতিরে তৎক্ষণাৎ টেস্টিং করা হয় ট্রাম্প কন্যা এবং তাঁর স্বামীর। তাদের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এর আগে গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার করোনাভাইরাস আক্রান্ত হন। ট্রাম্প নিজে সাংবাদিক সম্মেলনে সেই বিষয়ে জানান, ‘কয়েকদিন আগে পর্যন্তও ওঁকে দেখে অসুস্থ মনে হয়নি একদমই।’
এরপর বৃহস্পতিবারই ট্রাম্পের ব্যক্তিগত গাড়ি দেখাশোনার কর্মীর দেহে করোনা ভাইরাসের হদিস মেলে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা এবং প্রতিদিন টেস্টের নির্দেশ দেন ট্রাম্প। শুধু তাই নয়, ওই কর্মী এবং তার আগে কেটি মিলারের সঙ্গে যাঁরা সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন তিনি। কিন্তু তিনি নিজে স্বাস্থ্য বিধি মানতে নারাজ। সব সময় মাস্ক পড়তে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মাস্ক তৈরির ফ্যাক্টরিও দেখতে গেছেন মুখে মাস্ক ছাড়াও। সেজন্য প্রবল সমালোচিতও হয়েছেন তিনি। অন্যদিকে হোয়াইট হাউজে তিনজন কর্মীর দেহে করোনাভাইরাস মেলার পর প্রতিটি কর্মীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ভিডিও বার্তায় সকলকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। কিন্তু নিজের স্বামী যে মাস্ক পরতে রাজি নয় তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি ফার্স্ট লেডি।





