Lifestyle: বিরিয়ানী-রোল খেয়ে গ্যাস, অম্বল ডায়রিয়ার সমস্যা? আর নেই চিন্তা! পেটের সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন ডাক্তারি পরামর্শ

দুর্গাপুজো মানেই জমজমাট খাওয়াদাওয়া। একদিকে ঠাকুর দেখা, অন্যদিকে বন্ধু আর পরিবারের সঙ্গে টুকটাক আড্ডা। এমন উৎসবের সময়ে কে-ই বা ডায়েট মেনে চলতে চায়? ফলস্বরূপ, তেলমশলা ভাজাভুজি, ফাস্টফুড বা অতিরিক্ত ঠান্ডা পানীয় খাওয়ার পরই শুরু হয় বিপত্তি। পেটের গোলযোগ, গ্যাস, অম্বল, ডায়েরিয়া বা বমি বমি ভাব—এসব ছোটখাটো সমস্যা মুহূর্তেই মেজাজ খারাপ করে দিতে পারে। পুজোর আনন্দ মাটি না করতে চাইলে আগে থেকে জানা থাকুক কয়েকটি সহজ টিপস। কলকাতার পরিচিত চিকিৎসক ডাঃ আশিস মিত্র জানিয়েছেন কিছু উপকারী উপায়।

প্রথমেই আসা যাক গ্যাস ও অম্বলের কথায়। সাধারণত পুজোয় টানা বাইরে খাওয়ার কারণে এই সমস্যাই বেশি দেখা দেয়। ডাঃ মিত্রর মতে, প্রতিদিন একটি প্যান্টোপ্রাজল ৪০ অ্যান্টাসিড খেলে অনেকটাই আরাম পাওয়া যায়। তবে সমস্যা যদি একটু বেশি হয়, তাহলে দিনে দু’বার পর্যন্ত খাওয়া যেতে পারে। সবচেয়ে জরুরি বিষয় হল—এই ওষুধ খাওয়ার আগে খেতে হবে, মানে খাওয়ার আধঘণ্টা আগে গিলে নিতে হবে। এতে পেটের জ্বালা, বুক জ্বলা বা অম্বল দ্রুত কমে যায়।

এবার ডায়েরিয়ার কথা। বাইরে খেলে হালকা সংক্রমণ থেকে ডায়েরিয়া শুরু হওয়া খুব স্বাভাবিক। এই সময় সবচেয়ে কার্যকর দাওয়াই হল ওআরএস। ডাঃ মিত্র বলেন, এক লিটার জলে একটি পূর্ণ ওআরএস প্যাকেট গুলে ধীরে ধীরে খেলে শরীরে জল এবং লবণের ঘাটতি পূরণ হয়, আর শরীরও দ্রুত সেরে ওঠে। তবে সমস্যা কমতে সময় নিলে চিকিৎসকের পরামর্শে রিফাক্সিসিন ২০০ ট্যাবলেট খাওয়া যেতে পারে, দিনে তিনবার করে পাঁচদিন। কিন্তু যদি মলের রং কালো হয়, বা রক্ত দেখা যায়, তাহলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তার দেখানো উচিত।

বমি কিংবা বমি বমি ভাবও অনেকের ক্ষেত্রে সমস্যার কারণ হয়। অতিরিক্ত তৈলাক্ত খাবার বা নোংরা খাবার খাওয়ার পর এই সমস্যা হতে পারে। ডাক্তারবাবুর মতে, ডমপেরিডন খেলে এই সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে যদি বারবার বমি হয়, বমির সঙ্গে রক্ত বেরোয় বা শরীর দুর্বল হয়ে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া উপায় নেই।

আরও পড়ুনঃ হোল নাইট ঠাকুর দেখেই থাকবেন ফিট! জেনে নিন ডাক্তারদের বিশেষ পরামর্শ

সবশেষে, প্রতিরোধের দিকেও নজর দেওয়া জরুরি। যাঁরা নিয়মিত পেটের সমস্যায় ভোগেন, তাঁরা খাবারের সঙ্গে প্যাংক্রিয়াটিক এনজাইম জাতীয় ওষুধ খেলে হজম ভালো হয়। বাইরে খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা, পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার বেছে নেওয়া, এবং সম্ভব হলে বাড়িতেই পছন্দের রান্না উপভোগ করা—এই ছোট ছোট অভ্যাসগুলো অনেক বড় সমস্যাকে এড়াতে সাহায্য করবে। পুজোর আনন্দ পুরোপুরি উপভোগ করতে চাইলে এই টিপসগুলো মনে রাখা সত্যিই দরকার।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর