সহ-উপাচার্য নিয়োগ বিতর্কে মমতার সঙ্গে কথা রাজ্যপালের, বিতর্ক মেটাতে হঠাৎ তৎপরতা ধনখড়ের

অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগ নিয়ে সুর নরম করলেন রাজ্যপাল। রাজ্যের সঙ্গে এই ব্যাপারে যে বিতর্ক শুরু হয়েছে তা মেটাতে উদ্যোগী তিনি। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন জগদীপ ধনখড়।

এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে‌ বলেও জানান তিনি। এই মুহূর্তে বাংলা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাই তিনি এই বিষয়ে বিতর্ক মেটাতে চান বলে জানিয়েছেন ধনখড়।

ধনখড় বলেন, “আমার সঙ্গে সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। রাজ্য একটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমি চাই এই বিষয়টি মিটে যাক। এই বিতর্কটি আর বাড়ুক সেটা চাই না।”

গতকাল পর্যন্ত অবশ্য এই ব্যাপারে রাজ্য ও রাজ্যপালের মধ্যে “এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ” লড়াই চলছিল। এমনকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলে ফেলেন, “রাজ্যপাল মস্তানসুলভ আচরণ করছেন।”

প্রসঙ্গত, ঝামেলার সূত্রপাত হয় সোমবার। ওইদিন আচমকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান গৌতম চন্দ্রকে সহ উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। সেই সিদ্ধান্তকে মান্যতা না দিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান আশিসকুমার পাণিগ্রাহীকে সহ উপাচার্য নিয়োগ করে রাজ্য সরকার।

এই নিয়েই কথা কাটাকাটি হয় রাজ্য ও রাজ্যপালের মধ্যে। এদিন অবশ্য হঠাৎ ভোলবদল করলেন রাজ্যপাল। কোভিডের সঙ্গে যুঝতে থাকা আমফান বিধ্বস্ত রাজ্যে আর নয়া বিতর্ক হোক চান না বলেই কি এই পাল্টে যাওয়া নাকি এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধিও আছে, এখন তাই খুঁজতে ব্যস্ত রাজনৈতিক মহল।

RELATED Articles

Leave a Comment