লকডাউন এর বাজারে রেশন দুর্নীতি নিয়ে যথেষ্ট চাপে ছিল রাজ্য সরকার। রাজ্যে বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছিল রেশন নিয়ে কালোবাজারি করছে রেশন ডিলাররা। যা জানতে পেরে রীতিমত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরেই অভিযুক্ত রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে রাজ্য সরকার। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্প্রতি জানিয়েছেন, রাজ্যে নতুন ৫ হাজার রেশন ডিলার নিয়োগ করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, দুর্নীতির অপরাধে ৬৭৬ জন রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে খাদ্য দফতর।
গত এপ্রিল ও মে মাসে ৬৭৬ জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। কাউকে সাসপেন্ড করা হয়েছে। কাউকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়েছে।
খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও, সেই রেশন দোকান সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। কাছাকাছি যে রেশন ডিলার রয়েছে তাঁকে এই দোকানের সঙ্গে যুক্ত করা হয়।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে এপ্রিলেই সরিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে। দায়িত্ব দেওয়া হয়েছিল পারভেজ আহমেদ সিদ্দিকিকে।






