যতই চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে ততই গাঢ় হচ্ছে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন আগ্রাসনের মধ্যেই পাকিস্তানকে ৪টি অ্যাটাক ড্রোন দিচ্ছে চীন। পিছনের উদ্দেশ্য, চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর ও গাদর বন্দর রক্ষা করা। শুধু তাই নয়, আসছে সময়ে পাকিস্তানের সঙ্গে মিলে ৪৮ জিজে-২ ড্রোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে চীন। ফলে ওইসব ড্রোন যে ভারতের বিরুদ্ধেই পাকিস্তান ব্যবহার করবে তা বলাই বাহুল্য।
৪৮ জিজে-২ ড্রোন কি?
এটি হলো চীনের উইং লুং-১১ এর একটি সংস্করণ। এটি তৈরি করা হবে পাকিস্তান বায়ুসেনার জন্যই। এই ধরনের ড্রোন বিশ্বের একাধিক দেশকে বিক্রি করেছে চীন। স্টকহোলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দাবি, ওই ধরনের ১৬৩টি ড্রোন চীন-এর আগে বিক্রি করেছে কাজাখান্তান, তুর্কিমেনিস্তান, আলজেরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশকে।
তবে থেমে নেই ভারতও। চীন পাকিস্তানকে ওই ড্রোন দেওয়ার পর ভারতও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে মিডিয়াম অল্টিটিউড লং এনডিওরেন্স ড্রোন কিনছে। এই ড্রোনের বিশেষত্ব হল, এটির সঙ্গে মিসাইল ও লেজার নিয়ন্ত্রিত বোমা জুড়ে দেওয়া যায়। নিজে টার্গেট খুঁজে নিয়ে হামলাও চালানোর ক্ষমতাও রয়েছে এই ড্রোনের।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ এক ধরনের ড্রোন কেনার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে ভারতীয় নৌসেনা। এই ড্রোনটি একদিকে যেমন নজরদারি চালাতে পারে, অন্যদিকে তেমনি হামলাও করতে পারে। এই ধরনের ড্রোন ভারতের হাতে এসে গেলে উত্তরপূর্ব ভারতে নিয়ন্ত্রণরেখায় দেশের নিরাপত্তা আরও অনেক বেশি নিশ্চিদ্র করা হবে বলে জানা গিয়েছে।





