ব্যান হওয়া চীনা অ্যাপ এখনও ভারত না ছাড়লে‌ কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রের

গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সীমান্ত সংঘর্ষের জেরে চীনকে হাতে মারার সঙ্গে সঙ্গে ভাতে মারারও ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। টিকটক সহ ৫৯টি চীনা অ্যাপ ভারত থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যান করা হয়েছিল। এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। প্রায় সকলেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছিলেন যদিও তৃণমূলের কিছু তারকা সদস্য কেন্দ্রের এই ঘোষণায় যারপরনাই দুঃখিত হয়েছিলেন। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান তো বলেই ফেলেছিলেন, “কেন্দ্রের এই সিদ্ধান্ত নোট বন্দির মত মানুষকে অসুবিধায় ফেলবে!”

ভারত সরকারের ঘোষণা মতো এই চীনা অ্যাপগুলি নিজেদের ব্যবসা ভারত থেকে গুটিয়ে নিয়েছে তবুও যদি এখনও কোন অ্যাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতে অপারেট করে তবে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি নেওয়া হবে বলে সম্প্রতি জানাল কেন্দ্র।

এই অ্যাপ প্রস্তুতকারকদের ভারত সরকারের তরফ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যেন কেন্দ্রীয় সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলে। কোনও অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার স্বার্থেই এই অ্যাপগুলি দেশ থেকে ব্যান করা হয়েছে বলে ঘোষণা করেছিল কেন্দ্র। এবার আইটি মন্ত্রকের তরফ থেকে এই অ্যাপ প্রস্তুতকারকদের চিঠি পাঠানো হয়েছে যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এখনও অপারেশন চালিয়ে যাওয়া শুধু বেআইনি তা নয়, এটি শাস্তিযোগ্য অপরাধ।

এই অ্যাপগুলি যদি ভারতে এখনও কোনরকম ভাবে ডাউনলোড বা ব্যবহার করা যায় তবে তা কেন্দ্রের নির্দেশকে লঙ্ঘন করছে। যদিও টিকটক সহ অধিকাংশ অ্যাপই ভারতে কাজ করা বন্ধ করে দিয়েছে এবং এই অ্যাপগুলি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও পাওয়া যাচ্ছে না।

RELATED Articles

Leave a Comment