দ্বিতীয়বার করোনা আক্রান্তদের জন্য নতুন চিকিৎসা পদ্ধতি আনতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ

একবার করোনা সংক্রামিত হয়ে সুস্থ হয়ে উঠলেই যে আপনি আর করোনা সংক্রামিত হবেন না তা কিন্তু নয়। তাই দ্বিতীয়বার করোনা সংক্রমণ ঘটলে সেই রোগীদের শরীরে ভাইরাল লোড পরিমাপ করে সিটি ভ্যালু পদ্ধতিতে চিকিৎসা পরিষেবা শুরু করতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সাহা হোসেন বারি প্রায় দিন দশেক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাঁর রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি নিয়ম মেনে পুনরায় কাজে যোগ দেন। কর্মরত থাকাকালীনই তাঁর পুনরায় করোনা উপসর্গ দেখা দিলে তাঁর পুনরায় করোনা টেস্ট করা হয়। এরপর আবার তাঁর করোনা সংক্রমণ মেলে। তাই আপাতত ফের চিকিৎসাধীন তিনি। তাঁকে ছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরও এক রোগী দ্বিতীয় বারের জন্য সংক্রামিত হয়েছেন।

এর আগে উত্তরবঙ্গেও বেশ কিছু রোগীর সন্ধান মিলেছে যারা পুনরায় করোনা সংক্রামিত হয়েছেন। এবার মেডিক্যাল কলেজেও সেই ঘটনা সামনে আশায় বেশ চিন্তিত স্বাস্থ্যভবন।

বুধবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি বলেন যে, যারা দ্বিতীয়বার করোনা সংক্রামিত হয়েছেন তাদের ক্ষেত্রে সিটি ভ্যালু পদ্ধতিতে চিকিৎসা করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। যেখানে এই সমস্ত রোগীর ক্ষেত্রে তাঁদের শরীরে ভাইরাসের উপস্থিতির মাত্রা কতটা তা পরিমাপ করেই আগামী চিকিৎসা পদ্ধতি চালু করা হবে।

তাঁর কথায়, “ভাইরাল লোড চিহ্নিত করে সিটি ভ্যালু পদ্ধতি প্রয়োগ করে এনাদের চিকিৎসার বিষয়ে চিন্তাভাবনা করছেন বিশেষজ্ঞ কমিটি।” হাসপাতাল সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজে শীঘ্রই সিটি ভ্যালু পদ্ধতিতে চিকিৎসা করার জন্য প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যভবন।

তবে রাজ্যে রোজই যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তার মধ্যে যদি সুস্থ হয়ে ওঠা মানুষেরা পুনরায় সংক্রামিত হতে থাকেন তবে মানুষের এবং প্রশাসনেরও আরও দুশ্চিন্তা বাড়বে।

RELATED Articles

Leave a Comment