বাক স্বাধীনতারও সীমা থাকা উচিত, রায় দিয়ে স্পষ্ট করে দিল বম্বে হাইকোর্ট

আমাদের দেশে যে রকম বাকস্বাধীনতা (Freedom of Speech) রয়েছে সেরকম এই স্বাধীনতার অপব্যবহারও (Misuse) আমরা করতে পারি না। বাকস্বাধীনতা কিন্তু অবাধ বা সীমাহীন নয়। এমনই একটি যুগান্তকারী মন্তব্য করল বম্বে হাইকোর্ট (Bombay High court)।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের একটি ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়ে তুমুল ঝামেলা সৃষ্টি হয়। এদিনই একটি মামলায় বম্বে হাইকোর্ট জানিয়ে দেয় যে ভারতীয় সংবিধানের (Constitution of India) যে ১৯.১ অনুচ্ছেদে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে তা কখনোই অবাধ নয়।

যে মামলায় বম্বে হাইকোর্ট রায় দিয়েছে সেটিও ঠাকরে পরিবারকে ঘিরে। উদ্ধব ঠাকরে এবং তার ছেলে আদিত্য ঠাকরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে সুনয়না হোলি নামে এক মহিলার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে।

সুনয়না তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে নিম্ন আদালতে জামিন পেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি আর তদন্তে সহযোগিতা করেনি বলে পুলিশের অভিযোগ। ওই মহিলা হাইকোর্টের শরণাপন্ন হলে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ তার আর্জি খারিজ করে দেয়।

সুনয়নার আইনজীবীর দাবি সংবিধানের ১৯ নং অনুচ্ছেদ অনুযায়ী সুনয়নার প্রাপ্য বাক স্বাধীনতার অধিকার লংঘন করা হচ্ছে। তখন দুই বিচারপতির বেঞ্চ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই অধিকারগুলির কোনওটাই নিরঙ্কুশ নয়। ভারতীয় নাগরিকরা মনে করছেন যে বাকস্বাধীনতা অবাধ কিন্তু তা কখনোই নয়।

সংবিধানে যে ছয় ধরনের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তার মধ্যে ১৯ নং অনুচ্ছেদে রয়েছে মতপ্রকাশ ও বাক স্বাধীনতার অধিকার। অনেকেরই ধারণা এই অনুচ্ছেদ আসলে আমাদের যা খুশি তাই বলার অধিকার দেয় কিন্তু বম্বে হাইকোর্টের রায় আজ স্পষ্ট করে দিল, চিন্তা ভাবনা প্রকাশ করারও একটি সীমা থাকা দরকার।

এর আগেও ১৯৯৪ সালে মহাত্মা গান্ধীকে নিয়ে অশালীন প্রবন্ধ ছাপার অভিযোগে এক পত্রিকার সম্পাদক ও প্রবন্ধ লেখক এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে অভিযোগ দায়ের হয়। সেই সময় বম্বে হাইকোর্ট এই একই কথা বলেছিল। যদিও সেই পত্রিকার সম্পাদক সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান। তবে শীর্ষ আদালতও কিন্তু বম্বে হাইকোর্টের রায়কে সমর্থন করে জানিয়েছিল যে, বাকস্বাধীনতা প্রকাশেরও সীমা থাকে। যা ইচ্ছা তাই আমরা বলতে পারি না।

RELATED Articles

Leave a Comment