ফের করোনা কেড়ে নিল এক বিশিষ্ট রাজনীতিকের প্রাণ। দীর্ঘ এক মাস ধরে এই ভয়াল রোগের সঙ্গে লড়াই করার পর আজ সকালে জীবনাবসান হলো পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও জনপ্রিয় চিকিৎসক ডঃ দেবাশীষ সামন্তের। আজ সকাল ৭টা ১০ নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন দেবাশীষ বাবু। গোটা ঘটনায় শোক স্তব্ধ পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতৃত্ব। অন্যতম জনপ্রিয় চিকিৎসক হওয়ায় শোকের ছায়া নেমেছে রাজ্যের চিকিৎসক মহলেও।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়ান ডঃ দেবাশীষ সামন্ত। সেই সময় পরাজিত হলেও তিনি কিন্তু রাজনীতির ময়দান ছাড়েননি বরং বেশ সক্রিয়ভাবেই রাজনীতি করে গিয়েছেন। পাশাপাশি এগরা হাসপাতালের চিকিৎসক হওয়ায় নিজের ডাক্তারি জীবনকেও সমান ভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন।
প্রথমে কলকাতা এসএসকেএম হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসা করার পর বদলি নিয়ে এগরা হাসপাতালে চলে আসেন ডাক্তারবাবু। সেখানেই তিনি চিকিৎসক হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। বেশ কিছু কঠিন অস্ত্রোপচার তিনি করেন এবং মানুষের কাছে তিনি রীতিমতো ভগবান হয়ে যান। এরপরই গেরুয়া শিবিরে তার আগমন এবং আমৃত্যু সক্রিয়ভাবে রাজনীতি করে গিয়েছেন এই জনদরদী চিকিৎসক।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, কাঁথির মানুষের জন্যেই কাঁথিতে একটি নার্সিংহোম তৈরি করার স্বপ্ন ছিল ডাক্তারবাবুর কিন্তু করোনা তার সেই স্বপ্নকে পূরণ হতে দিল না। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বিরোধী শিবিরের মানুষরাও।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার