‘টিকা নিতে নয়, করোনার চাষ করতে এসেছি’, টিকার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ মানুষের

ভোররাত থেকে লাইন দেওয়া, একটা টিকার জন্য। কিন্তু এরপরও টিকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে কাতারে কাতারে মানুষকে। রাজ্যের চারিদিকে দেখা মিলছে এমনই পরিস্থিতির। এই একই ছবি চিত্র ধরা পড়ল শিলিগুড়িতেও। আজ, মঙ্গলবার, শিলিগুড়ির ডাবগ্রামের মাতৃসদনের সামনে বেলা যত বাড়তে থাকল, ততই বাড়তে থাকল লাইনে মানুষের সংখ্যাও। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও মিলছে না টিকা।

বাসিন্দাদের অভিযোগ, ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকেই। অনেকে অসুস্থ শরীরেও লাইনে দাঁড়িয়েছিলেন। প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। কিন্তু এরপরেও স্বাস্থ্যদফতরের কারোর দেখা মেলেনি। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। তখনই এক মহিলা বলেন, “আমরা করোনার টিকা নিতে নয়, এখানে মনে হচ্ছে করোনার চাষ করতে এসেছি। ঘণ্টার পর ঘণ্টা ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু ভ্যাকসিন তো দূরের কথা, স্বাস্থ্য দফতরের লোকজনেরই দেখা নেই”।

আরও পড়ুন- অব্যবহৃত টিকা ফেরত চাইল সরকার, রাজ্যের বেসরকারি হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা

এরপরই এলাকায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, “কোথাও কোনও ব্যবস্থা নেই। প্রচণ্ড গরমে অপেক্ষা করতে হচ্ছে। বয়স্ক ব্যক্তিরাও লাইনে রয়েছেন। দূরত্ব বিধিও মানা যাচ্ছে না। সংক্রমণের আশঙ্কাও থেকে যাচ্ছে”।

আরও পড়ুন- বর করোনা আক্রান্ত, তাতে কী? পিপিই কিট পরেই চলল বিয়ে, সাত পাকে ঘুরলেন দম্পতি

এরপর পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোনওরকমে লাইনে থাকা অপেক্ষারতদের আশ্বস্ত করেন তিনি। এ সত্ত্বেও তাদের অভিযোগ, বার বার কেন তাদের এরকম ভোগান্তির মধ্যে ফেলা হচ্ছে। কিছুক্ষণ পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

আরও অন্যান্য খবর