প্রথমে অর্ডার ছিল ১৫ জনের জন্য। এখন তা বাড়তে বাড়তে শতাধিক হওয়ার জোগাড়। একদিকে করোনার জেরে যখন গোটা দেশ তথা রাজ্যের মানুষ সন্ত্রস্ত হয়ে রয়েছেন, ঠিক সেই সময়ই করোনা আক্রান্ত অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছেন বাগবাজারের মেয়ে শ্রাবস্তী ঘোষ।
শহরে এমন অনেক পরিবার রয়েছে যেখানে গোটা পরিবার করোনা আক্রান্ত। বা বয়স্ক মানুষ করোনা আক্রান্ত, বাড়িতে রান্না করে দেওয়ার মতো কেউ নেই। সেই সমস্ত মানুষের কথা ভেবেই শুরু হয় এক উদ্যোগ নেন শ্রাবস্তী। স্থির করেন, করোনা আক্রান্তদের বাড়ি গিয়ে মায়ের হাতের তৈরি রান্না করা খাবার পৌঁছে দেবেন তিনি।
সেই অনুযায়ী, ফেসবুকে একটি পোস্ট করেন শ্রাবস্তী। বাগবাজার থেকে শুরু করে শোভাবাজার, আহিরিটোলা, উল্টোডাঙা, বেলেঘাটা, খান্না, এসব এলাকায় পৌঁছে যায় শ্রাবস্তী মায়ের হাতের তৈরি রান্না। শ্রাবস্তী পেশায় বেসরকারি চাকুরে, একজন থিয়েটার কর্মীও বটে। বাবা অবসরপ্রাপ্ত। তবে মেয়ের এই উদ্যোগে সবসময় তাঁকে সমর্থন করছেন। সকাল হতেই শুরু হয় বাজার। এরপর রান্নার পালা। এক বেলার রান্না শেষ হতেই তোড়জোড় শুরু হয় রাতের রান্নার জোগাড়। সেই রান্না করা খাবার বন্ধুদের সাহায্যে বাইকে চড়ে করোনা আক্রান্তদের বাড়ি পৌঁছে দেন শ্রাবস্তী।

আরও পড়ুন- করোনাকালে জীবনযাত্রা বিপর্যস্ত, কীভাবে বাড়াবেন শরীরের ইমিউনিটি, জানুন
তাঁর কথায়, “হাসপাতালে বেড নবেই, অক্সিজেন নেই, এই খবর পড়ে রাতে ঘুমোতে যেতাম। তারপর ভাবলাম, এখানে আমি কিছু করতে পারছি না, কিন্তু যেটা করতে পারি, সেটা তো করি। এরপর এই বিষয়টার কথা মাথায় আসে। ফেসবুকে একটা পোস্ট দিই। পোস্ট দেওয়ার সঙ্গেই সঙ্গেই অর্ডার আসে। এমন অনেকে আছেন, যাদের ছেলেমেয়ে বাইরে আছেন, এখন আসতে পারছেন না। এদিকে মা-বাবা বাড়িতে করোনা আক্রান্ত। রান্না করার কেউ নেই। তাদের এই খাবার অনেক উপকারে লাগবে। প্রথমে ১৫টা অর্ডার দিয়ে শুরু করেছিলাম কারণ বাড়িতে তো অত বাসনপত্র থাকে না রান্নার জন্য। কিন্তু এখন সকাল বিকেল মিলিয়ে প্রায় ১০০ জনের কাছাকাছিও অর্ডার আসে মাঝে মধ্যেই”। করোনার এই আবহে মানুষ যখন একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে শ্রাবস্তীর এই উদ্যোগ নিঃসন্দেহে খুবই প্রশংসনীয়।






