আর্জিতে সায় দিল না দিল্লি হাইকোর্টও, ইডি-র সমনে স্থগিতাদেশ পেলেন না অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা

এবার দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা কাণ্ডে ইডি-র সমনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদালতের বিচারপতি জানিয়ে দিলেন যে ইডি-র সমনের বিরুদ্ধে আদালত আপাতত কোন পদক্ষেপ নেবে না।

আদালতের তরফে এও জানানো হয়েছে যে আগামী সোমবার এই মামলার ফের শুনানি রয়েছে। আর এর মধ্যেই সব পক্ষকে মামলার বিস্তারিত তথ্য জানিয়ে হলফনামা জমা দিতে হবে। এর জেরে ইডি-র সমন অটুটই রইল।

আরও পড়ুন- ‘২০২৬-এর আগেই তৃণমূল সরকার মিলিয়ে যাবে, একপক্ষে খেলা হয় না, সময় এলেই খেলা হবে’, মন্তব্য নবনির্বাচিত সুকান্তের

চলতি মাসের শুরুতেই কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র তরফে দিল্লির সদর দফতরে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে। রুজিরা হাজিরা না দিলেও অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন। প্রথমবার হাজিরা দেওয়ার পর ফের তাঁকে নোটিশ পাঠানো হয়। সেই সময় তিনি এই সমনের উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

কিন্তু সেভাবে কোনও ফল মিলল না। আগামী সোমবারের মধ্যে অভিষেক, রুজিরা ও ইডি-কে এই মামলা নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে আদালতে হলফনামা জমা দিতে বলা হয়েছে। ইডি-র সমনের  উপর অভিষেক ও রুজিরা কেন স্থগিতাদেশ চাইছেন, তা জানতে চাওয়া হয়েছে দিল্লি আদালতের তরফে। ফলে রক্ষাকবচের যে আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তা পূরণ হল না।

অভিষেকের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার করে তলব করছে তাদের। এই নিয়ে তৃণমূলের দাবী, এটা একপ্রকার হেনস্থা করার চেষ্টা। আর এই কারণেই যাতে হাজিরা এড়ানো যায় তাই আবেদন নিয়ে মামলা করা হয়েছিল। কিন্তু আদালত অভিষেকের এই আর্জিতে কোনও সায় দিল ন।

আরও পড়ুন- মমতাকে ‘বেগম’ বলা হবে কেন, ভবানীপুরে বিজেপি প্রার্থী না দিলেই ভালো করত, শুভেন্দু-সহ গেরুয়া শিবিরকে তোপ রাজীবের

প্রথমবার হাজিরা দেওয়ার পর ফের অভিষেককে আরও দু’বার হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে ইডি। অন্যদিকে, রুজিরাকে আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে দুই সন্তানের মা রুজিরা এই করোনা পরিস্থিতির মধ্যে দিল্লি যেতে পারবেন না বলে আদালতকে আগেই জানিয়ে দিয়েছেন।

RELATED Articles