বিগত বেশ কয়েকদিন ধরেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে যেন এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন করছেন। আর এদিকে অন্যান্য পরীক্ষার্থী যারা পাশই করেন নি, তাদের চাকরিতে নিয়োগ করা হয়েছে।
এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এও প্রশ্ন তোলেন যে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কেন বারবার স্থগিতাদেশ জারি করছে ডিভিশন বেঞ্চ! যোগ্য চাকরিপ্রার্থীরা এর জেরে কিছুটা আশার আলো দেখছেন।
কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘তৃণমূলপন্থী’ আইনজীবীরা। আজ, বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ দেখান তারা যা নিয়ে শুরু হয় বিতর্ক।
এই বিক্ষোভের মুখে পড়ে অভিজিৎবাবু সাফ জানান, “আপনার হয়তো রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে। কিন্তু দুর্নীতি দেখলে আদালত চুপ থাকবে না। আমি খুব দুঃখিত। যে দুর্নীতি করবে, যে রাজনৈতিক দলের হোক, ছেড়ে দেওয়া হবে না। আমার মাথায় বন্দুক ধরতে পারেন। মরতে রাজি। কিন্তু দুর্নীতি দেখে চুপ থাকবে না আদালত। এত শত্রুতা কীসের! ভেবে দেখুন আপনারা। কেউ থাকবে না। কেউ কাউকে মনে রাখবে না। মৃত্যুর পর কে মনে রাখবে? যারা দুর্নীতি করছে তাদের সঙ্গে শুধু শত্রুতাই থাকতে পারে। সারা দেশে দুর্নীতিতে ভরে গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়। কোনও আমলেই দুর্নীতির শেষ নেই। কিন্তু লড়াই তো চালাতে হবে”।
তিনি এও প্রশ্ন রাখেন যে তাঁর ভূলতা কোথায়? তাঁর এজলাসে কী সমস্যা হচ্ছে? এর উত্তরে চণ্ডীচরণ দাস অদ্ভুত দাবী জানিয়ে বলেন যে ডিভিশন বেঞ্চ নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে কেন? সেটাই তাদের আপত্তির মূল কারণ। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেব যে বিক্ষোভ না দেখিয়ে তারা যেন সুপ্রিম কোর্টে এই নিয়ে অভিযোগ জানান।
এই অশান্ত পরিস্থিতির মধ্যেই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন যে যারা অতিরিক্ত অর্থাৎ এই যারা মামলার সঙ্গে যারা যুক্ত নন, তারা যেন সেই জায়গায় অশান্তি না করে বেরিয়ে যান। কিন্তু তাতেও সমস্যা কমেনি। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় চাকরি প্রার্থীরা যে ভরসা পাচ্ছেন, তা বলাই বাহুল্য।
এদের মধ্যেই একজন বলেন, “আমরা প্রায়ই বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলি। তবুও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতিরা এখনও আছেন বলে আমরা এখনও ভরসা রাখছি। উনাকে সঠিক কাজ করার জন্য কুর্নিশ জানাই”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার