পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল, রবিবার হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় যে রায় দিয়েছিল, তাতে কিছু সংশোধনের আর্জি জানানো হয়েছিল পার্থর আইনজীবীর তরফে। কিন্তু সেই আরজিই খারিজ করল আদালত।
পার্থর আইনজীবী হাইকোর্টে জানিয়েছিলেন যে শিল্পমন্ত্রীর মামলায় কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশে কিছু বদল না আনলে পার্থর জামিন পেতে বেশ সমস্যা হতে পারে। এই নির্দেশ পার্থর বিরুদ্ধে হাতিয়ার হিসেবেও কাজ করতে পারে বলে জানানো হয়েছিল। হাইকোর্টের বিচারপতি জানান যে এই আর্জি সম্পর্কে বিবেচনা করে দেখবেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত জানালেন যে রায়ে কোনও সংশোধন করা হবে না। অর্থাৎ পার্থর আর্জি খারিজ করলেন বিচারপতি।
বলে রাখি, পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী ব্যক্তি, একথা উল্লেখ করে আদালত রবিবার জানায়, “বর্ষীয়ান এই মন্ত্রীর প্রচুর ক্ষমতা রয়েছে। তাঁর পক্ষে অন্য রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে”। আদালতের নির্দেশের এই অংশটিই মুছে দিতে বিচারপতিকে আর্জি জানিয়েছিলেন পার্থর আইনজীবী। তিনি বিচারপতিকে অনুরোধ করেন, “এই অংশটি দয়া করে সংশোধন করে দিন”। এর জবাবে বিচারপতি বলেছিলেন, “এ ভাবে রায়ের সংশোধন চাইছেন দেখে আশ্চর্য লাগছে। এটা কোনও আইনের শিক্ষকের কাজ নয় যে, ব্যাখ্যা দিতে হবে। তবু বিষয়টি বিবেচনা করে দেখব”। তবে শেষ পর্যন্ত রায়ে কোনও সংশোধন করলেন না বিচারপতি।
তবে রায় যে একেবারেই বদলায়নি, তেমনটা নয়। আদালত রবিবারের নির্দেশে বলে যে সিবিআইয়ের এফআইআর-এ পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে। তবে পার্থর নাম আসলে এফআইআর-এ উল্লেখ ছিল না। রায়ের এই অংশটি সংশোধন করা হয়েছে বলে জানা গিয়েছে।






