ধ’র্ষ’ণের অভিযোগে গ্রেফতার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শোলা শিল্পী। শোলার কাজ শিখিয়ে দেওয়ার নাম করে গ্রামের এক গৃহবধূকে লাগাতার ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে ওই শিল্পীর বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, ওই গৃহবধূর গোপন কিছু ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গ্রেফতার করেছে ওই শোলা শিল্পীকে।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একটি গ্রামে বাস করে শোলা শিল্পীরা। সেই গ্রামটি শোলা শিল্পীদের গ্রাম হিসেবেই পরিচিত। সেই গ্রামেই শোলা শিল্পী ওই অভিযুক্ত ব্যক্তি নিজের কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান। দেওয়া হয় শিল্পগুরু উপাধিও।
অভিযোগ গ্রামের এক গৃহবধূকে হাতে ধরে শোলার কাজ শিখিয়ে দেবার প্রতিশ্রুতি দেন ওই ব্যক্তি। এরপর থেকেই তাঁকে একাধিকবার ধ’র্ষ’ণ করেন ওই শোলা শিল্পী। এমনকী ওই মহিলার কিছু গোপন ছবিও তিনি নিজের মোবাইলে তুলে রাখেন বলে দাবী করেছেন নির্যাতিতা। এরপর থেকে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে গৃহবধূকে ধ’র্ষ’ণ করে অভিযুক্ত, এমনটাই অভিযোগ করা হয়েছে।
গতকাল, রবিবার ওই গৃহবধূ নিজের পরিবারকে এই গোটা ঘটনাটি জানান। এরপরই গ্রামের লোকেরা ওই অভিযুক্ত শিল্পীর বাড়িতে চড়াও হন। মঙ্গলকোট থানায় ওই শিল্পীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। আজ, সোমবার অভিযুক্তকে কাটোয়া আদালতে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার স্বামী জানান, “কালকে হঠাৎ একটা ঝামেলা হয়েছিল। ওই ব্যক্তি গিয়েছিল নির্যাতিতা মহিলার বাড়ি। সেই কারণে অশান্তি সৃষ্টি হয়। এরপর আমার স্ত্রীকে নিয়ে যেতেই আরও ঝামেলা বাধে। এরপর আমরা কেস করি। পুলিশের কাছে আমার স্ত্রী অভিযোগ করে বলেন যে ওর সঙ্গে খারাপ কাজ করত। ওকে ব্ল্যাকমেল করা হয়েছিল”। যদিও এই গোটা ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত শোলা শিল্পী। তাঁর পাল্টা দাবী, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।





