ব্যস্ত রাস্তায় তখন গাড়িঘোড়া, পথচলতি মানুষদের ভিড়। সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত। কিন্তু আচমকাই থমকে গেল সবকিছু। দাঁড়িয়ে পড়ল সমস্ত গাড়ি থেকে শুরু করে পথচলতি মানুষজনও। কারণ রাস্তার জায়ান্ট বিজ্ঞাপন বোর্ডে সেই সময় চালু হয়েছে নীল ছবি।
এমন আকস্মিক ঘটনায় সকলেই বেশ হকচকিয়ে যান। ব্যস্ত রাস্তার বড় ইলেকট্রিক বিজ্ঞাপন বোর্ডের এমন ভিডিও চলতে থাকায় বেশ অস্বস্তিতে পড়ে যান অনেকেই। তড়িঘড়ি শহরের সমস্ত বিজ্ঞাপন বোর্ড প্রশাসন বন্ধ করে দিলেও এমন ঘটনা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে নি। রাস্তার বিজ্ঞাপন বোর্ডের নীল ছবি চলতে থাকার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
কী ঘটেছে ঘটনাটি?
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগদাদ শহরের নাফিয়া স্কোরে। জানা গিয়েছে, এর পিছনে রয়েছেন এক হ্যাকার। সমস্ত সিকিউরিটি পরিকাঠামো হ্যাক করেন তিনি। আর তারপর বিজ্ঞাপন সম্প্রচারের পরিবর্তে পর্নোগ্রাফি চালিয়ে দেন। পরে ইরাক পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে।
কেন এমন কাণ্ড করলেন অভিযুক্ত?
আসলে যে এজেন্সি ওই ডিসপ্লে বোর্ডের মালিক, তাদের সঙ্গেই আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যা ছিল তাঁর। তাই ‘প্রতিশোধ’ নিতেই এমন আজব কাণ্ড ঘটিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
বিহারের ছায়া বাগদাদে
চলতি বছরের গত মার্চ মাএ বিহারের পাটনায় এমনই ঘটনা ঘটেছিল। পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মের একের পর এক স্ক্রিনে ভেসে ওঠে নীল ভিডিও। প্রায় মিনিট তিনেক তা দেখানো হয়। স্টেশনে থাকা প্রায় সকলেই অস্বস্তিতে পড়ে যান। এবার সেই একই ধরণের ঘটনা ঘটল বাগদাদেও।





