লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগির প্রস্তুতি শুরু, এবার বিজেপির সঙ্গে সম্যক সমরে INDIA জোট

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য নানান বিরোধী রাজনৈতিক দলগুলি মিলে গঠন করেছে INDIA জোট। এই জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল আজ, বুধবার। এদিন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বিকেল ৫টায় শুরু হয় এই বৈঠক।

এদিনের এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে এই কো-অর্ডিনেশন কমিটির তরফে। বিবৃতিতে প্রথমেই জানানো হয়েছে যে এদিনের এই বৈঠকে যোগ দিয়েছিলেন ১২ জন সদস্য। এই বৈঠকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ইডির তলবের কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারেন নি। এই নিয়ে কো-অর্ডিনেশন কমিটির বক্তব্য, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অভিষেক এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

এদিনের বৈঠকের মূল বিষয় ছিল আসন্ন লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে। কমিটির তরফে জানান হয়েছে, লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর এতে মত দিয়েছেন কমিটির সকল সদস্য। অর্থাৎ এবার সরাসরিভাবেই বিজেপির সঙ্গে সম্যক সমরে নেমে পড়ল INDIA।

কোঅর্ডিনেশন কমিটির বৈঠকের পর, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, কো-অর্ডিনেশন কমিটি ঠিক করেছে, জোটের শরিক দলগুলি নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে। এছাড়াও গোটা দেশে বেশ কয়েকটি যৌথ জনসভা করার পরিকল্পনাও করেছে ইন্ডিয়া জোট।

জানা গিয়েছে, এই কো-অর্ডিনেশন কমিটির প্রথম যৌথ জনসভা হবে ভোপালে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই জনসভার আয়োজন করা হবে বলে খবর। এই জনসভায় বিজেপি সরকারের দুর্নীতি, বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে আওয়াজ তুলবে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটি।

আরও অন্যান্য খবর