আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্য-সহ গোটা দেশ। দিকে দিকে চলছ বিক্ষোভ-আন্দোলন। ন্যায় দাবী না পাওয়া পর্যন্ত থামানো যাবে না এই প্রতিবাদ। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে আজ, রবিবার মহামিছিলের ডাক দেয় ‘আমরা তিলোত্তমা; মঞ্চ। মিছিলে সামিল স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে দেবলীনা দত্ত, সোহিনী সরকার, অপর্ণা সেন, চৈতি ঘোষাল, উষসী চক্রবর্তীরা।
রবিবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় এই মিছিল। হাজার হাজার মানুষ যোগ দেন এই মিছিলে। তারকা তো বটেই সাধারণ মানুষের ঢল চোখে পড়ে এই মহা মিছিলে। সকলের একটাই দাবী, ন্যায় বিচার চাই-ই চাই। সাধারণ নাগরিকের এই মিছিলে অংশগ্রহণকারীদের কপালে বাঁধা ফেট্টিতে দেখা যায় একটাই কথা, ‘আমরা তিলোত্তমা’।
এদিন মিছিলের পর ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেখান থেকেই তারা জানান, সরকারকে তাদের দাবী তারা সরাসরি জানাতে চান। তারা জানিয়েছেন, তাদের তরফে সরকার-প্রশাসনকে মেইল করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফে কেউ সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন, ততক্ষণ তাদের এই ধর্না চলবে। প্রয়োজন পড়লে ভোররাত পর্যন্ত এই ধর্না চালাবেন তারা, এমনটাই দাবী ধর্নায় অংশগ্রহণকারীদের।
এদিন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় একটি পোস্ট করে লেখেন, “সবাই দলে দলে ধর্মতলা আসুন। যতক্ষণ না বিচার পাচ্ছি বসছি আমরা। চলে আসুন, আর পাশের মানুষকে জানান। আমরা সাধারণ মানুষ ধর্নায় বসলাম”।
অন্যদিকে, স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়, “২৩ দিন হয়ে গিয়েছে। একজন মানুষের পক্ষে তো এতবড় একটা ঘটনা ঘটানোটা সম্ভব নয়। যদি এতটাই সহজ ছিল তাহলে প্রথমেই এটাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার দরকার পড়ল কেন? সিবিআই এতদিন ধরে তদন্ত করছে এবার তো কোনও একটা আপডেট আসা উচিত। পুরোটাই ধোঁয়াশা হয়ে রয়েছে। অন্ধকারে রয়েছি”।
তাঁর সংযোজন, “সবাই ভেবেছিল ওই ২-৪ দিন সবাই খুব চিৎকার-চেঁচামেচি করবে। তারপর গোটা ব্যাপারটাই হালকা হয়ে যাবে। আমার মনে হয় না এটা নিয়ে এত দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে এবার আমাদের টলানোটা খুব সহজ হবে”।
বলে রাখি, এদিন শুধুমাত্র কলেজ স্কোয়ার থেকেই নয়, শহরের নানান প্রান্ত থেকে বের হয় মিছিল। বেহালা, গোলপার্ক, গড়িয়াহাট, রাসবিহারী, ভবানীপুর, নন্দন, ব্যারাকপুর, চুঁচুড়া, বারুইপুর, বর্ধমান, সোনারপুর, ইছাপুর, নৈহাটি, ইত্যাদি জায়গাতেও মিছিল, জমায়েত, সমাবেশ চলে। এদিন কলকাতার একাধিক স্কুলের প্রাক্তনীরাও নানান জায়গায় মিছিল করেছে। অনেক খুদেকেও দেখা যায় মিছিলে পা মেলাতে। সকলের একটাই দাবী, আর জি কর কাণ্ডের ন্যায় বিচার।





