বগটুইয়ের তৃণমূল নেতা ভাদু শেখের খুনে এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। গতকাল, মঙ্গলবার রাতে রামপুরহাটের বগটুই গ্রাম থেকে পলাশ শেখকে গ্রেফতার করে সিবিআই। ভাদু শেখের খুনের পর থেকেই পলাতক ছিল সে। আজ, বুধবার তাকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পলাশকে জেরা করলে ভাদু শেখের হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে বলে অনুমান সিবিআইয়ের।
প্রসঙ্গত, গত ২১শে মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখের উপর বোমা হামলা হয়। খুন হন তিনি। আর সেদিন রাতেই বগটুই গ্রামে চলে গণহত্যা। তারপর থেকেই পলাতক ছিলেন পলাশ।
তবে তার মোবাইল টাওয়ারের লোকেশন দেখে গতকাল, মঙ্গলবার রাতে বগটুই গ্রাম থেকেই তাকে গ্রেফতার করে সিবিআই। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে তার নাম ছিল।
ভাদু শেখের খুনের পর একটি অডিও বেশ ভাইরাল হয়। সেখানে পলাশকে শোনা যায় সে ভাদুর ভাইপোকে খুনের হুমকি দিচ্ছে। এর আগেও ভাদুকে আরপ কয়েকবার খুনের চেষ্টা করেছিল পলাশ। তবে সফল হয়নি। ভাদুকে খুনের ৮ মাস পর মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। এর আগে এই ঘটনায় অন্য এক অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করেছে সিবিআই।
ভাদু শেখের খুনের ঘটনায় সোনা শেখই মূল চক্রী বলে অভিযোগ ওঠে। ওইদিন রাতে গ্রামের ভিতর সোনা শেখের বাড়িতে ভাঙচুর চলে। ভাদুর অনুগামীরাই ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ।পরেরদিন ভোরে তার বাড়ি থেকে সাত জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তী সময়ে অবশ্য বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০।





