ক্রমবর্ধমান করোনার দাপট, ১৮ জোড়া লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়

ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনা। দিনদিন বেড়েই চলেছে সংক্রমণের হার। ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি। সাধারণ মানুষ তো বটেই, করোনায় আক্রান্ত হচ্ছেন একাধিক রেলকর্মী থেকে শুরু করে আধিকারিকরাও। এই পরিস্থিতি ঠেকাতে এবার উদ্যোগ নিল পূর্ব রেল। ১৮ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হল শিয়ালদহ শাখায়।

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যে ট্রেনগুলি বাতিল হয়েছে, তার মধ্যে রয়েছে শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট,শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-ঠাকুরনগর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহা-কল্যাণী, রানাঘাট-নৈহাটি, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ক্যানিং, সোনারপুর-ডায়মন্ড হারবার, বারুইপুর-ডায়মন্ড হারবার,  বারুইপুর-লক্ষ্মীকান্তপুর, লাইনের কয়েকটি ট্রেন।

ক্রমবর্ধমান করোনার দাপট, ১৮ জোড়া লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়

আরও পড়ুন- ভয়াবহ পরিস্থিতি, করোনা মোকাবিলার জন্য কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য, জানতে চেয়ে টুইট রাজ্যপালের 

রাজ্যে করোনা সংক্রমণের দাপট যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যুর হারও। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭১৩ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৩০০ জন।

সক্রিয় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টারগুলিতেও বাড়ছে রোগীর চাপ। দৈনিক মৃতের সংখ্যাও ৩০ ছাড়িয়েছে। তবে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৪৬৭ জনের। রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ৮৬ লক্ষ ৯ হাজার ৩০৫ জনের। রাজ্যের করোনা পরিস্থিতির উপর নজরদারি চালানোর জন্য টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর আক্রান্ত হওয়ার প্রবণতা কিছুটা হলেও কমেছে। এই কারণেই সরকার জোর দিচ্ছে টিকাকরণের উপর।

RELATED Articles