আজ মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী। এদিন গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু তা করতে গিয়ে ফের একবার রাজ্য সরকারকে তোপ দাগলেন রাজ্যপাল। টুইটের মাধ্যমে তিনি ফের একবার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার কথা মনে করিয়ে দেন।
এদিন জগদীপ ধনখড় টুইটের শুরুতেই গান্ধীজিকে শ্রদ্ধা জানান। তাঁর অহিংস আন্দোলনের কথা উল্লেখ করেন তিনি। তবে টুইটের শেষে একটি লাইনে তিনি ফের রাজ্য সরকারকে খোঁচা দেন। এর জেরে ফের একবার নবান্নের সঙ্গে তাঁর সংঘাতের দিকটিই প্রকাশ পায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লেখেন, “গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ হওয়া উচিত”।
https://twitter.com/jdhankhar1/status/1444123556061741058?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1444123556061741058%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fwb-guv-jagdeep-dhankhar-again-slams-bengal-government%2F
প্রসঙ্গত, বাংলার রাজ্যপাল হওয়ার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন জগদীপ ধনখড়। একুশের বিধানসভার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর নবান্ন ও রাজভবনের সংঘাত যেন আরও বেড়েছে।
গত বছর মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। সেদিন ব্যারাকপুরে গান্ধীঘাটে পৌঁছনোর পর সিপিকে খবরের কাগজ পড়তে দেখেই বিরক্ত হন তিনি। প্রশ্ন করেন যে রাজ্যপাল আসছেন জেনেও পুলিশ আধিকারিক কোথায় ছিলেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও শোনা যায় তাঁকে।
আরও পড়ুন- জমা জলের মধ্যেই ধর্নায় বসে পুরসভার বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের বিধায়কের, অস্বস্তিতে শাসকদল
রাজ্যে কেন একের পর এক হিংসার ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের খুঁজে বার করতে পারছে না, সেই প্রশ্নও তুলেছিলেন ধনখড়। তাঁর অভিযোগ ছিল, পুলিশের উর্দির অবমাননা করা হচ্ছে। কিন্তু বছর পেরলেও রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের বিশেষ উন্নতি হয়নি। আর তা রাজ্যপালের আজকের এই টুইটে স্পষ্ট।






