আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রথম দিন থেকেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকরা চিকিৎসার সমস্ত দায়িত্ব সামলেছেন। একভাবে সমর্থন করে গিয়েছেন জুনিয়রদের। নিজেদের দাবী পূরণে এবার অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের এই অনশনে এবার যোগ দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরাও।
গতকাল, শনিবার রাত থেকে ৬ জন জুনিয়র চিকিৎসক শুরু করেছেন অনশন। রিলে অনশন করবেন তারা। এবার জানা যাচ্ছে, আগামীকাল থেকে এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকরাও। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম সূত্রে খবর, বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী আগামীকাল, সোমবার থেকে ২৪ ঘণ্টা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসবেন অনশনে। তাঁর সঙ্গে থাকবেন আরও সিনিয়র চিকিৎসকরআও। এবার থেকে রিলে অনশন করবেন সিনিয়র চিকিৎসকরা।
আজ, রবিবার কলকাতা ন্যাশনাল মেডিকেলে কলেজর প্রাক্তনীদের পক্ষ থেকে কয়েকজন সিনিয়র চিকিৎসক জুনিয়রদের ধর্না মঞ্চে গিয়েছিলেন। আর্থিক তিন লক্ষ টাকার চেক তুলে দিয়ে তারা বলেন, “শারীরিক, মানসিকের পাশাপাশি আর্থিকভাবেও ওদের পাশে থাকা দরকার। তাই এই সাহায্য”।
এদিন জুনিয়র চিকিৎসকদের অনশন নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “ওরা অনশন শুরু করেছে। এই আন্দোলনকে সমর্থন করি আমরা। এর পর জেলায় জেলায় শুরু হবে। আমরাও কাল থেকে অনশন শুরু করব। এই আন্দোলন বৃথা হবে না। প্রশাসনকে বার্তা দিতে হবে”।
গতকাল, শনিবার সামনে এসেছে জয়নগরের ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা। সেই ঘটনায় আজ, রবিবার ওই এলাকায় গিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। এই বিষয়ে সুবর্ণ গোস্বামী বলেন, “এ ধরনের অপরাধ যেখানেই সংঘটিত হবে, আমরা সেখানেই যাব প্রতিবাদ করতে। কারণ, এসব ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন আগে থেকেই সতর্ক হতে পারত। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলে এমনটা ঘটে না। সেখানেই প্রশাসনের ব্যর্থতা”।
আরও পড়ুনঃ ‘অন্যের কাঁধে বন্দুক রেখে প্রচারের মুখ হতে চাইছেন’, আমরণ অনশনে না থাকায় কিঞ্জল নন্দকে কটাক্ষ, জবাব দিলেন চিকিৎসক
প্রসঙ্গত, প্রায় ৫৮ দিন কর্মবিরতির পর কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের এই আন্দোলনে তাদের প্রথম থেকে সমর্থন জুগিয়ে এসেছেন সিনিয়র চিকিৎসকরা। তবে এবার যদি তারা অনশন শুরু করেন, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাওয়া নিয়ে আশঙ্কা করছেন অনেকেই। যদিও চিকিৎসকদের দাবী, পরিষেবায় কোনও খামতি থাকবে না।






