পরীক্ষার শুরু হওয়ার আগেই অশান্তি, ধূপগুড়ি, বোলপুরে টেট পরীক্ষাকেন্দ্রের বাইরে বিক্ষোভ পরীক্ষার্থীদের

আজ, রবিবার হচ্ছে প্রাথমিক টেট পরীক্ষা। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছেন এদিন। গতকাল, শনিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবী করেন যে টেটের পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আর তারপর পরীক্ষার দিনই এল নানান অশান্তির খবর। এদিন একাধিক পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে বিক্ষোভের অভিযোগ আসে।

সূত্রের খবর, বোলপুরে একটি টেট পরীক্ষাকেন্দ্রে কর্তৃপক্ষের তরফে পরীক্ষার্থীদের ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়নি। এই আবহে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা অসন্তোষ প্রকাশ করে। তারা রাস্তা অবরোধ করে রাখেন বলেও জানা গিয়েছে। এরপরই অবশ্য সংশ্লিষ্ট স্কুলের তরফে চাকরিপ্রার্থীদের ব্যাগ রাখার বন্দোবস্ত করে দেওয়া হয়। এরপর চাকরিপ্রার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

অন্যদিকে আবার ধূপগুড়িতেও ব্যাগ রাখা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে কোথাও ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ জানান তারা। দূর থেকে আসা অনেক পরীক্ষার্থীই ব্যাগে করে অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছেন।

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ রাখার ব্যবস্থা না থাকায় পরীক্ষাকেন্দ্রের বাইরে একটি দোকানে টাকা দিয়ে ব্যাগ রাখেন পরীক্ষার্থীরা। এর জেরে পরীক্ষার্থীরা বেশ অসন্তোষ প্রকাশ করেন।

তবে টেটের প্রশ্নফাঁস রুখতে তৎপর পর্ষদ। মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বলে রাখি, ২০১৭ সালের পর এবার ফের টেট হচ্ছে রাজ্যে। পরীক্ষায় বসছেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী। ১ হাজার ৪৬০টি পরীক্ষা কেন্দ্রে হয়েছে পরীক্ষার আয়োজন। সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী মুর্শিদাবাদে।

RELATED Articles