আবাসের তালিকায় নাম ওঠে নি, রাগের বসে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন তাঁরই খুড়তুতো ভাইয়ের, শোকস্তব্ধ পরিবার

আবাস যোজনা নিয়ে রাজ্যে অভিযোগের অন্ত নেই। এই নিয়ে নানান দুর্নীতির ঘটনাও সামনে এসেছে। এবার এই আবাস যোজনার কারণেই খুড়তুতো ভাইয়ের হাতে খুন হলেন তৃণমূল কর্মী। এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।  

ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার উলুবেড়িয়া থানার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে। মৃত তৃণমূল কর্মীর নাম সমীরণ পণ্ডিত। এলাকায় সমীরণ তৃণমূল কর্মী নামেই পরিচিত। তাঁর স্ত্রী রানুবালা পণ্ডিত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা। এই সমীরণকেই খুন করার অভিযোগ উঠল তাঁরই খুড়তুতো ভাই বিকাশের বিরুদ্ধে।

জানা গিয়েছে, কিছুদিন আগে ওই এলাকায় আবাস যোজনার তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু সেই তালিকায় নাম ছিল না বিকাশের। তার সন্দেহ ছিল, দাদা সমীরণের কলকাঠির জন্যই আবাসের তালিকায় নাম ওঠে নি তার। আর সেই সন্দেহের বশেই দাদাকে খুন করে বিকাশ, এমনটাই অভিযোগ।

মৃত তৃণমূল কর্মীর পরিবার সূত্রে খবর, গতকাল, শুক্রবার বাগান্ডায় সমীরণের নাতির জন্মদিন ছিল। বিকেলে সেখান থেকে বাড়ি ফেরার পথেই বিকাশ ও তার দলবল সমীরণের উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ চালায় বলে অভিযোগ। সমীরণের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বিকাশ আর তার দলবল চম্পট দেয়।

স্থানীয়রা প্রথমে সমীরণকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যান। কিন্তু সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর। এমন ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। সমীরণের স্ত্রীর দাবী, “আবাস যোজনার ঘরের নাম বেরিয়েছিল। বিকাশের নাম বাদ যেতেই ও দাদাকে সন্দেহ করতে থাকে। তারপরই এই মার্ডার। আমার স্বামী কোনও মিছিলে যেত না, পার্টিতে যেত না। তাও ওকে চলে যেতে হল। যাঁরা এই কাজ করেছে আমি ওদের ফাঁসি চাই”।

এই ঘটনায় যদিও হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল বলেন, “এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ ছিল। সেই কারণে এই খুনের ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান”।

আরও পড়ুনঃ জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, নিষ্ক্রিয় পুলিশ, জমির মালিক হাইকোর্টের দ্বারস্থ হতেই এল কড়া নির্দেশ

এই ঘটনা প্রসঙ্গে হাওড়া গ্রামীণের তৃণমূল সহ-সভাপতি অভয় দাস বলেন, “এর সঙ্গে আবাস যোজনা কিংবা রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের জেরে খুন। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে”। ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

RELATED Articles