ভোটের আগের রাত থেকেই ছড়িয়েছিল উত্তেজনা। চলছিল লাগামছাড়া বোমাবাজি। কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছিল বটে গোটা এলাকা জুড়ে। কিন্তু তাদের চোখ এড়িয়েই চলল বোমাবাজি। ভোটের দিন সকালে ফের উত্তপ্ত হল গোটা এলাকা। এবার আর আড়ালে নয়, তাদের সামনেই বোমাবাজি চলল আমডাঙায়। এর জেরে ষষ্ঠ দফা ভোটের দিন বেশ চাঞ্চল্য ছড়াল আমডাঙা এলাকায়।
আরও পড়ুন– বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন
ভোটের আগের দিন রাতে দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের রাহানা এক নম্বর এলাকা। এদিন সকালে ষষ্ঠ দফার ভোট শুরু হওয়ার সাড়ে ৪ ঘণ্টার মধ্যে আবারও তাজা বোমা উদ্ধার হল এই এলাকায়। এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের রংমহল ৮৩ নম্বর বুথের বাইরে।
এদিন ভোটের দিন সকালেই অভিযোগ উঠে যে রায়পুরে ৮০ নম্বর বুথের বাইরেও এলোপাথাড়ি বোমাবাজি হয়েছে। এই ঘটনায় তৃণমূল আঙুল তুলেছে আইএসএফের দিকে। তবে, স্থানীয় এক বাসিন্দার দাবী, “আমাদের এখানেই একটা বাড়ির দোতলা থেকে বোমা পড়েছে। ছাদের ওপর থেকে বোমা পড়েছে। এখানে তো আইএসএফ আছে। তৃণমূলের লোকেরা বোমা ফেলছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক”।
আইএসএফও পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। তাদের দাবী, “এখানে আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই বোমাবাজি করে আতঙ্ক তৈরি করতে চাইছে এলাকায়”। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
আরও পড়ুন- ভোট ষষ্ঠীতেও মিলল না রেহাই, বেসামাল রাজ্য, ‘নিখোঁজ’ তৃণমূলের সাত বুথ এজেন্ট
এই এলাকার বুথের একশো মিটারের মধ্যেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। টহলদারি চলছে এলাকায়। কিন্তু তাঁরা সরে গেলেই চলছে বোমাবাজি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এলাকায় এখনও সুতলি, স্প্লিনটার পড়ে থাকতে দেখা গিয়েছে।





